নওগাঁ, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নওগাঁয় একজনকে জবাই করে হত্যাসহ পৃথক ঘটনায় তিনজনকে খুন করা হয়েছে।
শুক্রবার রাতে নওগাঁ শহর, রানীনগর ও মান্দা উপজেলায় এ হত্যাকাণ্ডগুলো ঘটে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে।
রানীনগর উপজেলার ভাটকৈ গ্রামে গভীর নলকূপের পাহারাদার আব্দুর রাজ্জাক আজাদকে (৩০) সন্ত্রাসীরা ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করেছে। রাজ্জাক গ্রামের ফজের আলীর ছেলে।
গ্রামবাসী খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠায়।
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, গভীর নলকূপে দুজন পাহারাদার দায়িত্ব পালন করতেন। একজন খুন হলেও শুকু নামে আরেকজন ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন। তার সন্ধান পাওয়া গেলে ঘটনার রহস্য উদঘাটিত হবে।
এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
মান্দা উপজেলা ফেরিঘাটে শুক্রবার রাত ৯টায় মোস্তাফিজুর রহমান ওরফে ফিরোজ বিশ্বাস (৫০) নামে এক ব্যক্তিকে সন্ত্রাসীরা লাঠি, বেলচার ও উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করেছে।
ফিরোজ বিশ্বাস ফেরীঘাট এলাকার ওসমান আলীর ছেলে।
এ ঘটনায় মেহেদী হাসান, সিরাজুল ইসলাম সিরাজ ও জুয়েল নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মান্দা থানার ওসি এ কে এম খালেকুজ্জামান জানান, চারটি তাল গাছ বিক্রির ভাগ নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
নওগাঁ শহরের আনন্দনগর এলাকায় সুখি বেগম (২০) নামে এক গৃহবধুকে যৌতুকের জন্য তার স্বামী পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সুখির লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করা হয়। সুখির অভিভাবকরা একে হত্যাকান্ড বলে অভিযোগ করলে তার স্বামী এমরান আলী পালিয়ে যায়। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সদর থানার পুলিশ কর্মকর্তারা জানান, এ ব্যাপারে মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৬২৩ ঘ.
bdnews24