২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাটকা রক্ষা কর্মসূচি চলবে ৩১ মে পর্যন্ত

ইলিশ সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় মার্চ ও এপ্রিল চাঁদপুর থেকে লক্ষ্মীপুর পর্যন্ত মেঘনার একশ' কিলোমিটার নদীসীমায় জাটকাসহ সব ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2009, 11:34 AM

Updated : 26 Aug 2022, 11:24 AM

চাঁদপুর, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইলিশ সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় মার্চ ও এপ্রিল চাঁদপুর থেকে লক্ষ্মীপুর পর্যন্ত মেঘনার একশ' কিলোমিটার নদীসীমায় জাটকাসহ সব ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা ছিল। শুক্রবার চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দু'মাসব্যাপী ইলিশের অভয়াশ্রম কর্মসূচির মেয়াদ ৩০ এপ্রিল শেষ হয়েছে। ১ মে থেকে জাটকা ছাড়া নদীতে অন্য সব ধরনের মাছ জেলেরা ধরতে পারবেন। তবে জাটকা রক্ষা কর্মসূচি চলবে ৩১ মে পর্যন্ত। এদিকে উপকূলরক্ষী বাহিনী- কোস্টগার্ডের চাঁদপুর স্টেশনের কর্মকর্তা জোসেফ আহমেদ জানান, মার্চ-এপ্রিল জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচি চলাকালে উপকূল রক্ষীবাহিনী (কোস্টগার্ড) সদস্যরা অভিযান চালিয়ে মোট ৩ কোটি ১৭ লাখ ১০ হাজার ৪শ' টাকা মূল্যে জাল, জাটকা ও নৌকা আটক করেছে। জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান খান জানান, ইলিশের পোনা জাটকা নিধন প্রতিরোধে চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চরআলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার নদীতে মার্চ-এপ্রিল সব ধরনের মাছ ধরার ওপর মৎস্য মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা ছিল। এর মধ্যে চাঁদপুরের নদীসীমা হল ৬০ কিলোমিটার। তিনি জানান, কর্মসূচি চলাকালে ২২ হাজার ৯শ' জেলেকে পরিবার প্রতি ১০ কেজি করে ৩ বার চাল দেওয়া হয়েছে। জেলেদের জন্য বরাদ্দ চালের মধ্যে আরও ১০ কেজি কিছুদিনের মধ্যেই দেওয়া হবে। এ ছাড়া জেলেদের পুনর্বাসনের জন্য সরকারের বরাদ্দ করা ২৫ লাখ টাকার চার ভাগের তিন ভাগ ইতোমধ্যে দেওয়া হয়েছে। বাকি টাকা কিছুদিনের মধ্যেই দেওয়া হবে। মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান খান জানান, নিষেধাজ্ঞার সময় বিকল্প কর্মসংস্থানের জন্য বেসরকারি সংস্থা (এনজিও) সিএনআরএস জেলে পরিবার প্রতি ১ হাজার টাকা করে এক হাজার জেলে পরিবারকে ১ কোটি ৪ লাখ ২২ হাজার টাকা দিয়েছে। এ টাকায় তারা গাভী পালন, রিকশা, লন্ড্রি ব্যবসা, সেলুন, মুদি দোকান, কাঁচা মালের ব্যবসাসহ বিভিন্ন ধরনের কাজ করছে। মাছ ধরা শুরু হলে কিস্তিতে চার শতাংশ ও ১০ শতাংশ সুদসহ এ টাকা জেলেরা পরিশোধ করে দেবে। তবে জেলার হাইমচর উপজেলার চরভৈরবী, নীলকমল, আলগী ইউনিয়নের হাবু ছৈয়াল, রহিম জমাদারসহ বেশ ক'জন জেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকায় তারা দুর্দশার মধ্যে থাকতে হয়েছে। সরকারিভাবে চাল ও নগদ কিছু টাকা দেওয়া হলেও তা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়েছে। চাঁদপুর কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দু'মাস নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকায় জেলেদের কষ্টে দিন কাটাতে হয়েছে।" এবার জেলেদের জালে প্রচুর মাছ ধরা পড়বে বলে তিনি আশা করেন। কোস্টগার্ড কর্মকর্তা জোসেফ আহমেদ জানান, মার্চ মাসে কোস্টগার্ড সদস্যরা ৬৯টি অভিযান চালিয়ে ২৯ টন জাটকা, তিন লাখ ৩৩ হাজার মিটার কারেন্ট জাল ও ৫শ' মিটার কোনা জাল আটক করে। এছাড়া আটক করা হয় ইঞ্জিনচালিত একটি নৌকাসহ চার জেলেকে। এপ্রিল মাসে কোস্টগার্ড সদস্যরা ৪৯টি অভিযান চালিয়ে এক লাখ ৯০ হাজার ৫শ' মিটার কারেন্ট জাল, একশ' মণ জাটকা, ইঞ্জিনচালিত তিনটি নৌকা ও দুই জেলেকে আটক করে। তিনি জানান, জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান খানের উপস্থিতিতে বিভিন্ন সময়ে পুড়িয়ে ফেলা হয় এ সব জাল। আর আইনানুগ ব্যবস্থা নিতে আটক করা নৌকা ও জেলেদের তার কাছে হস্তান্তর করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩৮ ঘ.