চট্টগ্রাম, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা তিন দিনের ধর্মঘটের পর বৃহস্পতিবার সকাল থেকে বন্দর নগরী চট্টগ্রামে সিএনজি অটোরিকশা চলাচল বেড়েছে।
আগের দিনে আংশিকভাবে চলাচলের পর বৃহস্পতিবার সকাল থেকে নগরীর বিভিন্ন সড়কে বেশ কিছু সংখ্যক অটোরিকশা চলাচল শুরু করে। দুপুরের পর থেকে এ সংখ্যা অনেক বাড়লেও তা স্বাভাবিক সময়ের তুলনায় নগন্য।
অটোরিকশা চলাচল স্বাভাবিক না হওয়ায় নাগরিকদের দুর্ভোগ এখনও কমেনি। রিকশাভাড়া বেড়ে গেছে অনেক বেশি। যে কয়েকটি অটোরিকশা চলছে সেগুলোও মিটারের পরিবর্তে বাড়তি ভাড়া নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার জামায়াত সমর্থিত মহানগর সিএনজি অটো রিকশা শ্রমিক কল্যাণ ইউনিয়নের ও মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে আকস্মিকভাবে ধর্মঘট শুরু করে চালকরা। ধর্মঘটের প্রথম দিন নগর জুড়ে বিক্ষোভের পাশাপাশি ব্যাপক ভাংচুর ও তাণ্ডব চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করে। এরপর থেকে ধর্মঘট চললেও এ দুটি সংগঠনের নেতাকর্মীদের রাস্তায় নামতে দেখা যায়নি।
এদিকে, ধর্মঘটের বিভিন্ন ঘটনায় নগরীর কয়েকটি থানায় সাতটি মামলা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার মো. মনিরুজ্জামান।
তিনি জানান, এর মধ্যে পাঁচটি মামলা করেছে পুলিশ। এসব মামলায় এ পর্যন্ত ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নগরীর কোতয়ালি থানায় পুলিশের করা মামলায় বুধবার বিকেলে নগরীর সদরঘাট থেকে জামায়াত ইসলামী সমর্থিত চট্টগ্রাম মহানগর সিএনজি অটোরিকশা শ্রমিক কল্যাণ ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ছয় চালককে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) মো. ফরিদ জানান, কোতয়ালি থানায় দায়ের করা মামলায় বুধবার গ্রেপ্তার করা ছয় অটোরিকশাচালককে বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ডের আবেদন জানানো হয়।
শুনানি শেষে হাকিম মাহবুবুর রহমান চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
অপরদিকে, মালিকদের একটি অংশ চট্টগ্রাম সিএনজি অটোরিকশা মালিক সমিতি বুধবার এ ধর্মঘটের সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই জানিয়ে অটোরিকশা নিয়ে রাস্তায় নামায়। এরই সূত্র ধরে বৃহস্পতিবার থেকে আরও বেশি সংখ্যক অটোরিকশা চলাচল শুরু করে।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারি কমিশনার (ট্রাফিক) মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চালকরা অটোরিকশা চালানো শুরু করেছে। আগামীকালের মধ্যে তা পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে।
তিনি জানান, সরকারি নিয়ম মেনে মিটার ও পোশাক পড়েই চালকদের গাড়ি চালাতে হবে। অন্যথায় চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এএল/জিএনএ/২১৪৮ ঘ.
bdnews24