ঢাকা, ৩০ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ব্যাংকগুলোকে বিশ্বমানের ব্যাংক হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর আতিউর রহমান।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শেরে বাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, "ব্যাংকিং খাত হচ্ছে দেশের অর্থনীতির হৃৎপিন্ড। আমি আমাদের ব্যাংকগুলোকে বিশ্বমানের ব্যাংক করতে চাই। বিশ্ব অর্থনীতির চলমান মন্দা সত্ত্বেও আমাদের ব্যাংকিং খাত বেশ মজবুত অবস্থায় আছে। এদিক দিয়ে আমরা সৌভাগ্যবান।"
আতিউর রহমান বলেন, "কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত। অর্থমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে এসেছিলাম। তিনি আমাকে বেশ কিছু উপদেশ দিয়েছেন। সে উপদেশ অনুযায়ী আমি আমার দায়িত্ব পালন করবো।"
গভর্নর হিসেবে নিয়োগ পাওয়ার পর বুধবার তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করেছেন বলে জানান আতিউর রহমান।
ব্যাংকিং খাতে তার অভিজ্ঞতার কথা তুলে ধরে নতুন গভর্নর বলেন, "আমি এ খাতে নতুন নয়। আমি রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকে চেয়ারম্যান এবং সোনালী ব্যাংকে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছি। সে সব অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমার নতুন দায়িত্ব পালন করে যাবো। আমি আশাবাদী ভালো কিছু করতে পারবো।"
বিশ্বমন্দার প্রভাব মোকাবিলার জন্য কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে যে সব পদক্ষেপ গ্রহন করা প্রয়োজন তার সবই করা হবে বলে জানান আতিউর রহমান।
তিনি আরও বলেন, "মন্দা প্রভাব মোকাবিলার জন্য সরকার ইতিমধ্যে একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। এ প্যাকেজ বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের যে সহায়তা প্রয়োজন তা করা হবে।"
আতিউর রহমান বলেন, "আমি ধীরে সুস্থে আমার দায়িত্ব পালন শুরু করতে চাই। প্রথমে আমাকে কেন্দ্রীয় ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাত সম্পর্কে বিস্তারিত জানতে হবে।"
বিশ্বব্যাংক-আইএমএফের পরামর্শ কতোটা গুরুত্ব দেবেন-এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, "আমি স্বদেশী উন্নয়নে বিশ্বাস করি। দেশের স্বার্থ বিবেচনায় রেখেই সব সিদ্ধান্ত গ্রহন করা হবে। কারো সঙ্গে ঝগড়া-ঝাটি করতে চাই না।"
দেশের শিল্পায়নের স্বার্থে ব্যাংক ঋণের সুদের হার কমিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করা হবে বলেও জানান তিনি।
বুধবার সরকার আতিউর রহমানকে চার বছরের জন্য কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে। ১মে থেকে তার নিয়োগ কার্যকর হবে।
কিন্তু ১ ও ২ মে সরকারি ছুটি থাকায় ৩মে থেকে আতিউর রহমান অফিস করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/জিএনএ/২১৩৬ ঘ.
bdnews24