২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে আইনজীবীসহ ১৩ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা

মুক্তিযুদ্ধ চলাকালে নাটোর সদর উপজেলার বিভিন্ন স্থানে পাঁচশ' নারী-পুরুষ ও শিশু হত্যার অভিযোগে একজন আইনজীবী ও সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2009, 11:37 AM

Updated : 26 Aug 2022, 11:24 AM

নাটোর, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধ চলাকালে নাটোর সদর উপজেলার বিভিন্ন স্থানে পাঁচশ' নারী-পুরুষ ও শিশু হত্যার অভিযোগে একজন আইনজীবী ও সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মুক্তিযোদ্ধা শেখ আলাউদ্দিন বৃহষ্পতিবার নাটোরের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন। হাকিম মোহাম্মদ শরীফ উদ্দিন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি এজাহার (এফআইআর) হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলেন- নাটোর জেলা আইনজীবী সমিতির সদস্য আব্দুল কাদের, লালোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকছেদ আলী, হাফেজ আব্দুর রহমান, সামছু বিহারী, জামান শিকদার, মুক্তা শিকদার, সাজ্জাদ হোসেন, আবুল হোসেন, মুনছুর রহমান, আবুল হোসেন শেখ, মৃত জানু 'রাজাকার', মৃত মন্টু 'রাজাকার' ও মৃত আক্কাছ আলী। শেখ আলাউদ্দিন অভিযোগ করেছেন, ১৯৭১ সালের ৪ এপ্রিল থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত আসামিরা তৎকালীন ছাত্রলীগের শহর কমিটির প্রচার সম্পাদক আমিরুল ইসলাম বাবুল ও তার বাবা ট্রাফিক পুলিশ আব্দুর রশিদকে হত্যা করে। আসামিদের বিরুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তার মাধ্যমে ছাতনী, মাটিয়াপাড়া ও ফুলবাগান গ্রামে পাঁচ শতাধিক নারী-পুরুষ ও শিশুকে জবাই করে হত্যা করার অভিযোগ করা হয়ছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ হোসেন জানান, তিনি আদালতের আদেশের কাগজপত্র এখনও হাতে পাননি। কাগজপত্র হাতে পেলে আইনানুগ পদক্ষেপ নেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪০ ঘ.