২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিনবাজারে দুই মাদক ব্যবসায়ী খুন

মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সাভার উপজেলার আমিনবাজারে বুধবার গভীর রাতে দুজন খুন হয়েছে। শাহীন (৩৪) ও আবুল হোসেন (৩৬) নামের এ দুজন আমিনবাজার এলাকার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2009, 11:18 AM

Updated : 26 Aug 2022, 11:24 AM

সাভার, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সাভার উপজেলার আমিনবাজারে বুধবার গভীর রাতে দুজন খুন হয়েছে। শাহীন (৩৪) ও আবুল হোসেন (৩৬) নামের এ দুজন আমিনবাজার এলাকার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। পুলিশ জানিয়েছে, সন্ত্রাসী গাংচিল বাহিনী তাদের খুন করেছে। ২০০৭ সালের ৩ মার্চ র‌্যাব-১১ সাভার ক্যাম্পের গোয়েন্দা শাখার দুই সদস্য ডিএডি হুমায়ুন কবীর ও কনেস্টবল ফুল মিয়াকে আমিনবাজারের একটি ইট ভাটায় গুলি করে হত্যা করে গাংচিল বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার সকালে সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার মধ্যরাতে আমিনবাজারের বেগুনবাড়ি এলাকার হাজীবাড়ীর সামনে গাংচিল বাহিনীর ২০-২৫ জন সদস্য ছোরা ও রামদা নিয়ে শাহীন ও আবুলের ওপর হামলা চালায়। এসআই কবির বলেন, "ঘটনাস্থলে শাহীন মারা যান ও আবুল গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জানান আবুলকে মৃত।" পুলিশ ঘটনাস্থলে পড়ে থাকা শাহীনের লাশটি গভীর রাতে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শাহীনের বড় ভাই রিয়াজ উদ্দিন অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে সাভার থানায় একটি মামলা করেছেন। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহত শাহীন ও আবুল আমিনবাজার এলাকার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে সাভার থানায় মাদক ও হত্যাসহ ৫টি মামলা বিচারাধীন রয়েছে। তারা গত ২১ জানুয়ারি আমিনবাজার এলাকার মাদক ব্যবসায়ী আসলাম হত্যা মামলারও আসামি। ওসি নাসির জানান, একটি হত্যা মামলায় ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন শাহীন। আসলাম নিহত হওয়ার পর আমিনবাজারে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ শাহীন ও আবুলের হাতে ছিল বলেও জানান তিনি। ওসি বলেন, "মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিতে গাংচিল বাহিনী এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।" এ ঘটনার পর এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। তবে হত্যাকাণ্ডে জড়িত কেউ বৃহস্পতিবার সকাল পর্যন্ত গ্রেপ্তার হয়নি। ওসি নাসির জানান, গাংচিল বাহিনীর সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ২০০৭ সালে র‌্যাব সদস্য খুন হওয়ার পর র‌্যাবের 'ক্রসফায়ারে' গাংচিল বাহিনীর ১০ সদস্য নিহত হয়। তারপর বাহিনীর প্রধান আনোয়ার হোসেন ওরফে আনারসহ অন্য সদস্যরা গা ঢাকা দেয়। তবে বুধবার রাতের এ হত্যাকাণ্ডের পর পুরো আমিনবাজার এলাকায় আবার গাংচিল আতংক ছড়িয়ে পড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/১৭২০ ঘ.