২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোয়াইন ফ্লুতে মেক্সিকোয় বাংলাদেশির মৃত্যু

মেক্সিকোতে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন বলে জানিয়েছেন সেদেশের কর্মকর্তারা। স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বৃহস্পতিবার জানিয়েছেন, তিনি বাংলাদেশির মৃত্যুর কথা একজন বিদেশি সাংবাদিকের কাছ থেকে শুনেছেন এবং এ ব্যাপারে খোঁজ-খবর নিচ্ছেন। (আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2009, 10:43 AM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেক্সিকোতে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন বলে জানিয়েছেন সেদেশের কর্মকর্তারা। স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বৃহস্পতিবার জানিয়েছেন, তিনি বাংলাদেশির মৃত্যুর কথা একজন বিদেশি সাংবাদিকের কাছ থেকে শুনেছেন এবং এ ব্যাপারে খোঁজ-খবর নিচ্ছেন। এ ব্যাপারে বাংলাদেশেও সতর্কাবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান। রয়টার্সসহ বিভিন্ন সংবাদ সংস্থা বলছে, সোয়াইন ফ্লুতে মেক্সিকোয় আট বিদেশিসহ কমপক্ষে পৌনে দু'শ' লোক নিহত হয়েছে। তাদের মধ্যে এক বাংলাদেশি রয়েছে বলে বুধবার মেক্সিকোর ন্যাশনাল এপিডেমিওলজিক্যাল সেন্টার জানায়। এই বাংলাদেশি ছয়মাস আগে মেক্সিকো যান। কাজ করতেন ফেরিওয়ালা হিসেবে। রুহুল হক এএফপিকে বলেন, মেক্সিকোর কর্মকর্তারা সোয়াইন ফ্লুর ভাইরাসের (্এইচ১এন১) উৎস খুঁজে বের করার চেষ্টা করছেন। আর বাংলাদেশি কর্মকর্তারা এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। তিনি বলেন, "বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অন্যান্য সূত্র থেকে আমরা বাংলাদেশির মৃত্যুর খবরটি নিশ্চিত করার চেষ্টা করছি। খুব আন্তরিকভাবে নজর রাখছি পরিস্থিতির ওপর। সব ধরনের উপায় অবলম্বন করে আমরা নিজেরাই পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রস্তুতি নিচ্ছি।" বাংলাদেশে ফ্লুর ওষুধের যথেষ্ট মজুদ রয়েছে বলে তিনি জানান। মন্ত্রী বলেন, ২০০৭ সালের ফেব্র"য়ারি মাসের বার্ড ফ্লু ভাইরাসের (এইচ৫এন১) প্রতিক্রিয়া ও এর অভিজ্ঞতার আলোকে সম্ভাব্য সোয়াইন ফ্লু ছড়িয়ে পড়া মোকাবেলায় বাংলাদেশ প্রস্তুত রয়েছে। তখন দশ লাখেরও বেশি হাঁস-মুরগী নিধন করা হয়ছিল। মেক্সিকোর এপিডেমিওলজিক্যাল সেন্টারের পরিচালক মিগুয়েল এঞ্জেল লেজানা জানান, মেক্সিকোয় ভাইরাস ছড়িয়ে পড়ার আলামত খতিয়ে দেখার জন্য বাংলাদেশি লোকটির গত কয়েকদিনের গতিবিধি সম্পর্কে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। "অসুস্থ হয়ে পড়ার অল্প কিছুক্ষণ আগে বাংলাদেশি লোকটি তার এক ভাইয়ের সঙ্গে দেখা করেছিলেন", জানিয়ে তিনি বলেন, "সেই ভাইটি বাংলাদেশ না পাকিস্তান থেকে এসেছিলেন, সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।" মেক্সিকো ত্যাগের আগে তিনি বেশ কয়েকদিন দেশটিতে ছিলেন বলে লেজানা জানান। তবে বাংলাদেশ সরকারের সোয়াইন ফ্লু বিষয়ক মুখপাত্র অধ্যাপক মাহমুদুর রহমান লেজানার মতের সঙ্গে একমত নন। এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল ও রিসার্চ ইন্সটিটিউটের পরিচালক মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশে সোয়াইন ফ্লুর ভাইরাস নেই। বাংলাদেশি লোকটি বিদেশে মারা যেতে পারেন। কিন্তু এর অর্থ এই নয় যে বাংলাদেশ থেকে কেউ ভাইরাস বহন করে নিয়ে গেছেন বলে তিনি জানান। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ভাইরোলজি বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বার্ড ফ্লুর ওষুধ অসেলটামিভির বা জানামিভির সোইয়ান ফ্লুতেও কার্যকর। এটি বাংলাদেশে পাওয়া যায়। উৎপাদিতও হয়। গ্ল্যাক্সো ফার্মাসিটিক্যালস এ ওষুধ উৎপাদন করে থাকে। এছাড়া বার্ড ফ্লুর জন্য সরকার এ ওষুধ আমদানি করেছিল বলে তিনি জানান। তিনি বলেন, আক্রান্ত দেশে থেকে যদি কোনও ব্যক্তি দেশে আসেন, ফ্লুতে আক্রান্ত না হলেও তাকে চারদিন পর্যবেক্ষণে রাখতে হবে। মেক্সিকোর প্রেসিডেন্ট ফেলিপ ক্যালডেরন অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ নয়, এমন সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন, যাতে নতুন এই ভাইরাসে আর কেউ আক্রান্ত না হয়। ভাইরাসটি এখন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/বিডি/এইচএ/টিআর/১৯৫০ ঘ.