২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মে দিবসে পল্টনে শ্রমিক লীগের সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

মহান মে দিবস উপলক্ষে রাজধানীর পল্টন ময়দানে আগামী শুক্রবার শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2009, 04:47 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহান মে দিবস উপলক্ষে রাজধানীর পল্টন ময়দানে আগামী শুক্রবার শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। চলতি বছরের ৬ জানুয়ারি সরকার গঠনের পর এই প্রথম শেখ হাসিনা কোন জনসভায় ভাষণ দেবেন। যদিও সরকার গঠনের পরপরই পল্টন ময়দানে ছাত্রলীগের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। কিন্তু সেটি জনসভা ছিলো না। এর আগে সর্বশেষ গত বছরের ২৬ ডিসেম্বর পল্টনে একটি নির্বাচনী মহাসমাবেশে ভাষণ দিয়েছিলেন তিনি। পল্টন ময়দানের ওই সমাবেশে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ। শেখ হাসিনার নিরাপত্তা রক্ষায় সমাবেশস্থলকে আটটি ভাগে ভাগ করে মহানগর আওয়ামী লীগ নেতা-কর্মীদের অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার বিকেলে সংগঠনের বর্ধিত সভায় এ নির্দেশ দেওয়া হয়। বৈঠকে আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ শুক্রবারের সমাবেশকে সফল করে ষড়যন্ত্রকারীদের জবাব দেওয়ার আহবান জানিয়ে বলেন, যারা ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের কঠিন জবাব দিতে হবে। ঢাকা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সমাবেশে নেতা-কর্মীরা আটটি পয়েন্টের মধ্যে কে কোন অবস্থানে থাকবেন তার নির্দেশনা দেন। বৈঠকে যুবলীগ চেয়ারম্যান ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, মে দিবসের সমাবেশকে মহাসমুদ্রে পরিণত করতে হবে। কারণ সরকার গঠনের পর প্রধানমন্ত্রী এই প্রথম জনসভায় ভাষণ দেবেন। ষড়যন্ত্রকারীরা রুদ্রমূর্তি ধারণ করে আসছে। তাই প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিজেদের সতর্ক দায়িত্ব পালন করতে হবে। ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে বৈঠকে আরো বক্তব্য দেন শ্রমিক লীগ সভাপতি মতিন মাষ্টার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএনএস/এইচএ/২২৪৫ ঘ.