জামালপুর, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'যুদ্ধাপরাধ'র অভিযোগে জামালপুরের একটি আদালতে ৬ 'রাজাকার'র বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শহরের কম্পপুর এলাকার শহীদ মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনের স্ত্রী ছাহেরা বেওয়া বুধবার মামলাটি দায়ের করেন। এজন্য বিবাদীরা তার মক্কেলকে হত্যার হুমকি দিচ্ছে বলে বাদীর আইনজীবী জানিয়েছেন।
মামলার এজাহারে এই ছয়জনকে 'রাজাকার' বলে অভিহিত করা হয়।
এতে বলা হয়, সুরুজ মাস্টার, গিয়াস উদ্দিন (১), জালাল বেপারী, ইস্রাফিল বেপারী, শাহজামাল ও গিয়াস উদ্দিন (২) নামের ছয় 'রাজাকার' ১৯৭১ সালের ১৭ মে রাতে তার স্বামী জালাল উদ্দিনকে ধরে পিটিআই ক্যাম্পে নিয়ে যায়। এরপর তিনদিন ধরে আমানুষিক নির্যাতনের পর হত্যা করে লাশ ফেলে দেওয়া হয় সেখানকার সেফটিক ট্যাংকে।
মামলার বাদী বলেন, এতোদিন এ ব্যাপারে মামলা করার কোন পরিবেশ ছিল না। বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচারের ঘোষণা দেওয়ায় তিনি মামলাটি দায়ের করেন।
জামালপুরের অতিরিক্ত প্রধান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফজলে খোদা নাজির মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সদর থানাকে নির্দেশ দিয়েছেন।
বাদীর আইনজীবী আনোয়ার হোসেন অভিযোগ করেছেন, মামলার প্রস্তুতির সময় থেকেই আসামী পক্ষ বাদীকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, আদালতের নির্দেশে মামলাটির তদন্ত শুরু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/টিআর/১৮৫০ ঘ.
bdnews24