ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তীব্র আবাসন সংকট নিরসনে নগরীর উপকণ্ঠে তিনটি আবাসন প্রকল্পের আওতায় এক লাখেরও বেশি ফ্ল্যাট নির্মাণ করবে সরকার।
মঙ্গলবার গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান এ কথা জানিয়েছেন।
বর্তমানে উত্তরা, পূর্বাচল ও ঝিলিমিলি প্রকল্পের অধীনে ১১ হাজার ১০৪টি প্লট বরাদ্দের বিষয়টি রাজধানী উন্নয়ন কর্তপক্ষ (রাজউক)-এ প্রক্রিয়াধীন রয়েছে। ২০১০ সাল নাগাদ এ বরাদ্দ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান জানান, ওই তিন প্রকল্পের আওতায় প্রায় ১ লাখ তিন হাজার ২৮০টি ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে।
এ ব্যাপারে কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, "প্রতিমন্ত্রী আমাদের বলেছেন, সাধারণ জনগণের মধ্যে বরাদ্দ দেওয়ার জন্য পূর্বাচলে ৬২ হাজার, উত্তরায় ২১ হাজার এবং ঝিলিমিলি প্রকল্পের অধীনে ২০ হাজার ২৮০টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। 'স্বচ্ছ' প্রক্রিয়ার মাধ্যমে এসব ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।"
তবে কবে নাগাদ তা বরাদ্দ দেওয়া হবে- প্রতিমন্ত্রী বা কমিটির সভাপতি কেউই সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি।
কিন্তু কমিটির একজন সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন যে রাজউক ওই আবাসন প্রকল্পগুলোর নির্মাণকাজ ২০১০ সালের পর শুরু করবে এবং তা শেষ হবে ২০১৩ সাল নাগাদ।
এছাড়া বৈঠকে সরকার যেকোনো মূল্যে বিতর্কিত হাতিরঝিল প্রকল্প নির্ধারিত সময়সীমা ২০১০ সালের জুনের মধ্যে শেষ করবে বলেও জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, "যেকোনো মূল্যে আমরা নির্ধারিত সময়ের মধ্যেই হাতিরঝিল প্রকল্পের কাজ শেষ করবো।"
এ প্রকল্প বাস্তবায়নের কারণে ক্ষতিগ্রস্তের সংখ্যা যথাসম্ভব কমিয়ে আনার চেষ্টা করা হবে বলেও জানান আব্দুল মান্নান খান।
ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালে হাতিরঝিল প্রকল্প হাতে নেওয়া হয়।
এক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের জন্য সরকার ইতোমধ্যে ঢাকার জেলা প্রশাসককে প্রায় ৪৮৮ কোটি টাকা ক্ষতিপূরণ হিসেবে বরাদ্দ দিয়েছে।
এদিকে, নগরীর বিভিন্ন লেক দখলের বিষয় খতিয়ে দেখতে আসাদুজ্জামান খানকে প্রধান করে একটি উপ-কমিটি গঠন করা হয়েছে।
এ উপ-কমিটিকে আগামী এক মাসের মধ্যে স্থায়ী কমিটির কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এইচএ/২২৫০ঘ.
bdnews24