২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দমকল কর্মিদের ঝুঁকিভাতা ও রেশন বাড়ানোর প্রতিশ্রুতি

দমকল বাহিনীর নিয়োগ সংক্রান্ত বিধিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। দমকল কর্মিদের দীর্ঘদিনের দাবি ঝুঁকিভাতা ও রেশন বৃদ্ধির ব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার মীরপুরে দমকল বাহিনী ও বেসামরিক প্রতিরক্ষা সপ্তাহের উদ্বোধনকালে একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2009, 04:47 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দমকল বাহিনীর নিয়োগ সংক্রান্ত বিধিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। দমকল কর্মিদের দীর্ঘদিনের দাবি ঝুঁকিভাতা ও রেশন বৃদ্ধির ব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার মীরপুরে দমকল বাহিনী ও বেসামরিক প্রতিরক্ষা সপ্তাহের উদ্বোধনকালে একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী এসময় বলেন, ঝুঁকি ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য দমকল কর্মিদের রাষ্ট্রপতির পদক দেওয়ার ব্যাপারেও নীতিগত সিদ্ধান্ত হয়েছে। অগ্নিকাণ্ড ও দুর্ঘটনা প্রতিরোধ এবং ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে দমকল কর্মিরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ কারণে তাদের উন্নতমানের প্রশিক্ষণ প্রয়োজন। আনসার, ভিডিপি ও পুলিশ প্রশিক্ষণ একাডেমির মতো মীরপুরের দমকল প্রশিক্ষণ কমপ্লেক্সটিকে পূর্ণাঙ্গ দমকল প্রশিক্ষণ একাডেমিতে রূপান্তরের বিষয়টি সরকার বিবেচনা করছে বলে তিনি জানান। মীরপুরে দমকল বাহিনীর প্রশিক্ষণ কমপ্লেক্স মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ, স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান শিকদার, পুলিশ মহা-পরিদর্শক নূর মোহাম্মদ, পুলিশ কমিশনার একেএম শহিদুল হক ও দমকল বাহিনীসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাহারা খাতুন জানান,তিনটি প্রকল্পের মাধ্যমে দমকল স্টেশন ও অগ্নিনির্বাপক উপকরণ বাড়ানোর কার্যক্রম চলছে। তিনি বলেন, দেশে বর্তমানে দমকল স্টেশনের সংখ্যা ২০১টি। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে তা বেড়ে ৩৭২টিতে দাঁড়াবে। দমকল কর্মীদের পোশাক পরিবর্তন করে আধুনিক করার কার্যক্রমও চালু করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ তার বক্তব্যে বলেন, শিল্প প্রতিষ্ঠান ও বহুতল ভবনে আগুন নেভানোর জন্য প্রশিক্ষণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সোহেল তাজ জানান, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ৩টি প্রকল্পের আওতায় সারাদেশে ফায়ার স্টেশন স্থাপনের কাজ চলছে। এর মাধ্যমে ৪টি টিটিএল গাড়িসহ ১০৫টি গাড়ি কেনার বিষয় প্রক্রিয়াধীন। সরকারের পক্ষ থেকে দমকলকর্মীদের রেশন শতভাগ বাড়ানোর করারও আশ্বাস দেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে কুচকাওয়াজের পরে দমকল কর্মীরা তাদের কাজের কয়েক ধরনের মহড়া প্রদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/টিআর/২০৫০ ঘ.