চাঁপাইনবাবগঞ্জ, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার যাদুপুর গ্রামে মঙ্গলবার আগুন লেগে ১০ বিঘা জমির পানের বরজ পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চাঁপাইনবাবগঞ্জ দমকল স্টেশন কর্মকর্তা মাহমুদুল হক জানান, দুপুর ১টার দিকে বরজে আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই ১০ বিঘা জমির পান ক্ষেত ভষ্মীভূত হয়। আগুন লাগার খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই পুরো ক্ষেত পুড়ে যায়।
পান বরজের মালিক আব্দুর রহমান, তোফজুল হক, রেজাউলসহ অন্যরা জানান, আগুনে ২০ লক্ষাধিক টাকার পানের বরজ পুড়ে যাওয়ায় ২০ জন পান চাষী ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বরজে কর্মরত শ্রমিকদের বিড়ি বা সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলেও জানান তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫৪ ঘ.
bdnews24