কক্সবাজার, এপ্রিল ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের কারাগারে আটক থাকা তিন সেনা সদস্যসহ মিয়ানমারের ৬৮ নাগরিককে সে দেশের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও কক্সবাজার কারাগারে মিয়ানমারের ৬৮ নাগরিক বন্দি আছেন।
মঙ্গলবার বাংলাদেশ রাইফেলস- বিডিআর তাদের মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী-নাসাকা'র কর্মকর্তাদের কাছে হস্তান্তর করে।
৪২ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালেক সাংবাদিকদের জানান, বিভিন্ন সময়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে ধরা পড়া মিযানমারের ৬৫ জন বেসামরিক নাগরিক এবং বান্দরবানে সেনাবাহিনীর হাতে ধরা পড়া তিন সেনা সদস্যকে নাসাকা কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদের মধ্যে একজন মহিলা রয়েছেন। এরা সকলেই কক্সবাজার জেলা কারাগারে বন্দি ছিলেন বলে তিনি জানান।
বন্দি হস্তান্তর উপলক্ষে বিডিআর ও নাসাকা কর্মকর্তাদের মধ্যে পতাকা বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সীমান্তজুড়ে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে আলোচনা হয়।
লেফটেন্যান্ট কর্নেল আবদুল খালেক জানান, বন্দি হস্তান্তর উপলক্ষে মঙ্গলবার দুপুর ২টায় কক্সবাজারের টেকনাফে সড়ক ও জনপথ বিভাগের রেস্ট হাউসে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে।
তিনি জানান, বৈঠকে তিনি নিজে ছাড়াও ব্যাটালিয়নের অভিযান কর্মকর্তা মেজর হেলাল মোহাম্মদ খান এবং কয়েকজন কোম্পানি কমান্ডার অংশ নেন। অপরদিকে নাসাকা'র মংডুর অঞ্চলের উপ-পরিচালক উই মাইন কাইং এর নেতৃত্বে ২১ সদস্যের একটি দল অংশ নেয়।
কক্সবাজার জেলা কারাগারের সহকারী কারারক্ষী আবু নুর মোহাম্মদ রেজা জানান, বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করার পর এদের মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে এদের মিয়ানমার সরকার ফেরত নিচ্ছে।
লে. কর্নেল খালেক জানান, বৈঠক হয়েছে মূলত বন্দি হস্তান্তরের জন্য। কোন নির্ধারিত কোন এজেন্ডা ছিল না। তারপরও বিডিআরের পক্ষ থেকে সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণ নিয়ে নাসাকা কর্মকর্তাদের কাছে প্রশ্ন তোলা হয়েছিল। এ ব্যাপারে নাসাকার উপ-পরিচালক উই মাইন কাইং জানিয়েছেন, কাঁটা তারের বেড়া নির্মাণ দু'দেশের জন্যই ভাল হবে। মিয়ানমার বাংলাদেশকে বিষয়টি জানিয়েছে বলেও তিনি দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫০ ঘ.
bdnews24