ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সেনানিবাসের বাড়ি ছেড়ে দিতে সরকারের নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে রোববার আদালতে রিট করতে পারেন খালেদা জিয়া।
মঙ্গলবার বিকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক আইন মন্ত্রী বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ একথা জানান।
তিনি বলেন,''আগামী রোববার উচ্চতর আদালতে নোটিশটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হতে পারে। মামলার সব রকমের প্রস্তুতি চলছে।"
মওদুদ জানান, দলীয় চেয়ারপার্সনের সঙ্গে মঙ্গলবার রাত ৮টায় সিনিয়র আইনজীবীদের বৈঠক রয়েছে। সেখানেই সব কিছু ঠিক করা হবে।
সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর গত ২০ এপ্রিল বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের ৬ নং শহীদ মইনুল রোডের বাড়িটি ১৫ দিনের মধ্যে ছেড়ে দেওয়ার নোটিশ দেয়। গত ২৩ এপ্রিল খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সরকার ও সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরকে নোটিশটি ২৮ এপ্রিলের মধ্যে প্রত্যাহার করে নেওয়ার জন্য উকিল নোটিশ পাঠান।
কিন্তু আইনমন্ত্রী শফিক আহমেদ সোমবার সাংবাদিকদের জানান, সরকার ওই উকিল নোটিশের জবাব দেবে না। এ কারণে খালেদা জিয়াকে এখন আইনি প্রক্রিয়ায় যেতে হবে বলে তার আইনজীবীরা জানিয়েছেন।
মওদুদ আহমেদের আইনী প্রতিষ্ঠান এ বিষয়ে খালেদা জিয়ার পক্ষে লড়বে। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন তার অন্যতম সহযোগী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ব্যারিস্টার মাহবুব উদ্দিন মঙ্গলবার জানান, প্রতিরক্ষা সচিব, মন্ত্রিপরিষদ সচিব, সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের পরিচালক, সামরিক ভূমি প্রশাসক মোহিবুল হোসেইন ও মিলিটারি এস্টেট অফিসারকে উকিল নোটিশ দেওয়া হয়। পাঁচ দিনের মধ্যে বাড়ি ছাড়ার ওই নোটিশ প্রত্যাহার না হওয়ায় আমরা আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছি। "
খালেদার উকিল নোটিশে বলা হয়, "১৯৮১ সালের ৩০ মে জিয়াউর রহমান নিহত হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি তাকে এ বাড়িটি বার্ষিক ভাড়ায় বরাদ্দ দেন। এ বাড়ির সম্পত্তি ১৯৮১ সালের ১৩ জুলাই রেজিস্ট্রি করা হয়। তারপর থেকে ২৭ বছরের বেশি সময় ধরে খালেদা জিয়া তার পরিবারের সদস্যদের নিয়ে শান্তিপূর্ণভাবে এ বাড়িতে বসবাস করছেন। তাই নিবন্ধিত এই জমি ছেড়ে দেওয়ার নোটিশ আইনের চোখে অবৈধ।"
গত ৮ এপ্রিল আইনগত ত্র"টির কথা উল্লেখ করে মন্ত্রিসভা খালেদা জিয়ার সেনানিবাসের ওই বাড়িটির ইজারা বাতিল করে।
সরকার বলছে একজনের নামে দু'টি বাড়ি ইজারা দেওয়া আইনসম্মত নয় এবং ক্যান্টনমেন্টের বাড়িটির ইজারা প্রক্রিয়াও বিধিসম্মতভাবে হয়নি। খালেদা জিয়াকে প্রথম বাড়িটির কিছুদিন পর গুলশানেও একটি বাড়ি দেওয়া হয় যাতে তিনি না থেকে ভাড়া দিয়ে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৯০৩ঘ.
bdnews24