২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লবীতে সন্ত্রাসী হামলায় ২ নির্মাণ শ্রমিক আহত

নগরীর পল্লবীর একটি নির্মাণাধীন ভবনের দুইজন শ্রমিককে মঙ্গলবার গুলি করে ও কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। পুলিশের ধারণা, চাঁদার জন্য ভবনটির মালিক ভয় দেখাতে এ কাজ করা হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2009, 10:25 AM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পল্লবীর একটি নির্মাণাধীন ভবনের দুইজন শ্রমিককে মঙ্গলবার গুলি করে ও কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। পুলিশের ধারণা, চাঁদার জন্য ভবনটির মালিক ভয় দেখাতে এ কাজ করা হতে পারে। আহতরা হচ্ছেন- নজরুল ইসলাম (২০) ও হাফিজুর (১৭)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নজরুলের অবস্থা আশংকাজনক। কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) নূর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর পৌনে ৬টার দিকে সেনপাড়া পর্বতায় একটি নির্মাণাধীন ভবনের পাশের টিন শেডে ঘুমন্ত শ্রমিকদের ওপর এ হামলা চালায় ৫-৬ জন সন্ত্রাসী। এ সময় সেখানে ছয়জন শ্রমিক ঘুমিয়ে ছিলেন। এসআই নূর আলম জানান, সন্ত্রাসীরা শেডের ভেতরে ঢুকে হাফিজুর ও নজরুলকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করে। এরপর নজরুলের পিঠে ও হাতে কুপিয়ে তারা চলে যায়। নজরুলের পাঁজরে ও হাফিজুরের পশ্চাদদেশে গুলি লেগেছে। তিনি বলেন, "চাঁদার দাবিতে মালিককে ভয় দেখাতে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।" আহত হাফিজুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি এ বছর শেরপুর ভোকেশনাল ইনস্টিটিউট থেকে এসএসসি পরীক্ষা দিয়ে অবসরে পাইলিং মিস্ত্রী হিসেবে কাজ করতে ঢাকায় আসেন। সকালে ঘুমন্ত অবস্থায় সন্ত্রাসীরা তাকে গুলি করে। তবে কি কারণে তারা তাকে গুলি করেছে এ বিষয়ে তিনি কিছু জানেন না। হাফিজুর জানান, নির্মাণাধীন ভবনের জায়গার মালিক একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং ভবনটি তৈরি করছে এনএসবি বিল্ডার্স নামের একটি আবাসন প্রতিষ্ঠান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এজে/জিএনএ/১৬২০ ঘ.