২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসল মুক্তিযোদ্ধার তালিকা তৈরির কাজ শুরু হচ্ছে: প্রতিমন্ত্রী

দলীয় বিবেচনায় অন্তর্ভূক্ত 'ভুয়াদের' বাদ দিয়ে আসল মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা তৈরির কাজ শুরুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2009, 03:27 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দলীয় বিবেচনায় অন্তর্ভূক্ত 'ভুয়াদের' বাদ দিয়ে আসল মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা তৈরির কাজ শুরুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। সোমবার সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এমএ মুবিনের সঙ্গে সাক্ষাতের পর এবি তাজুল ইসলাম তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, শিগগিরই সরকার এ ব্যাপারে উদ্যোগ নেবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাজুল ইসলাম জানান, সেনাবাহিনীতে বর্তমানে কর্মরত এবং অবসর গ্রহণকারী প্রায় ২৬ হাজার মুক্তিযোদ্ধা রয়েছেন। তাদের অনেকেই এখনো মুক্তিযোদ্ধার সনদপত্র পাননি। তারা মুক্তিযোদ্ধা ভাতাও পাচ্ছেন না। বৈঠকে এ ব্যাপারে সরকারের করণীয় নিয়ে আলোচনা হয়েছে। প্রতিমন্ত্রী এবং পিএসও এমএ মুবিন উভয়েই জানান, রেশন বা অবসর ভাতার সঙ্গে মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের মুক্তিযোদ্ধা ভাতা দেওয়ার কোন সুযোগ আছে কিনা,তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে তারা জানান। যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, "আইনের ফাঁক-ফোকর বন্ধ করার বিষয়টি নিশ্চিত করার জন্যই একটু সময় নেওয়া হচ্ছে। তবে যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে কোন সন্দেহ নেই। আমরা যুদ্ধাপরাধীদের বিচার করবোই।" যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে জামায়াতের মন্তব্য সম্পর্কে তিনি বলেন, "আমরা যুদ্ধাপরাধীদের বিচার করবো, জামায়াতের নয়। তাই তাদের এ নিয়ে আপত্তি বা বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার প্রয়োজন নেই। তবে 'ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনা' এমন অবস্থা দাঁড়িয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিআর/এসকে/২১২৬ঘ.