২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসীদের হালনাগাদ তালিকায় আরেকদফা বিশেষ অভিযানের পরিকল্পনা

সন্ত্রাসীদের হালনাগাদ তালিকা তৈরি করছে পুলিশ। তবে এজন্য চলমান বিশেষ অভিযানে কোনো ছেদ পড়বে না জানিয়ে বলা হয়েছে নতুন তালিকা নিয়ে পরে আবার অভিযান চালানো হবে। সোমবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহিদুল হক অপরাধ সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2009, 02:28 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসীদের হালনাগাদ তালিকা তৈরি করছে পুলিশ। তবে এজন্য চলমান বিশেষ অভিযানে কোনো ছেদ পড়বে না জানিয়ে বলা হয়েছে নতুন তালিকা নিয়ে পরে আবার অভিযান চালানো হবে। সোমবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহিদুল হক অপরাধ সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা জানান। পুলিশ কমিশনার দাবি করেন পুলিশ প্রশাসনকে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে তালিকা হালনাগাদ করা হচ্ছে। একেএম শহিদুল হক বলেন, "চলমান অভিযান ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। হালনাগাদ তালিকা নিয়ে পরে আবারও বিশেষ অভিযান চালানো হবে।" অপরাধী যেই হোক তাকে কোনভাবেই ছাড় দেওয়া হবে না বলেও জানান পুলিশ কমিশনার। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে ওই মতবিনিময় সভায় সন্ত্রাস দমনে চলমান বিশেষ অভিযান আরো জোরদার করার কথা জানিয়ে শহিদুল হক বলেন, "গত তিনদিনে পাঁচ শতাধিক সন্ত্রাসী গ্রেপ্তার হলেও অস্ত্র তেমন উদ্ধার হয়নি। শিগগিরই এই অভিযান আরো জোরদার করা হবে।" এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, "পুলিশ ও ক্রাইম রিপোর্টারদের কাজের ধরন অনেকটাই অভিন্ন। এই দুই পেশার লোকদেরই ঝুঁকির মধ্যে কাজ করতে হয়।" খোলাবাজারে নিয়ন্ত্রণহীন মোবাইল সিম কার্ড বিক্রি বন্ধে অভিযান শুরু হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে ক্র্যাব সভাপতি আখতারুজ্জামান লাবলু, সাধারণ সম্পাদক আবু সালেহ আকন, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান খান, অর্থ সম্পাদক মাহবুব আলম লাবলু, সাবেক সভাপতি পারভেজ খান, ফকরুল আলম কাঞ্চনসহ ক্র্যাব- এর সদস্যরা উপস্থিত ছিলেন। পুলিশ কর্মকর্তাদের মধ্যে রমনা জোনের উপ-কমিশনার (ডিসি) আতিকুল ইসলাম, এডিসি (জনসংযোগ) ওয়ালিদ হোসেন, এসি তারেক বিন রশীদ এবং শাহবাগ থানার ওসি রেজাউল করিম উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/২০২৫ঘ.