ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক সমকালে ফিরেছেন এর প্রতিষ্ঠাতা সম্পাদক গোলাম সারওয়ার। সোমবার থেকে তিনি পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব নিয়েছেন।
এদিকে স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলাভিশনে নির্বাহী পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ইংরেজী দৈনিক বাংলাদেশ টুডের সাবেক সম্পাদক ও সাবেক সচিব মোহাম্মদ আসাফ্উদ্দোলাহ্।
পুনরায় সমকালে ফিরে আসার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে গোলাম সারওয়ার বলেন, "ফিরে এসে ভালোই লাগছে। একটি বড় পত্রিকা করার লক্ষ্যে আমরা সমকাল প্রকাশ করেছিলাম। কিন্তু মাঝে আমাকে ছেড়ে যেতে হয়। এখন যে টিম আছে তা নিয়ে আমাদের লক্ষ্য পূরণ করা সম্ভব।"
২০০৫ সালে গোলাম সারওয়ারের সম্পাদনায় প্রকাশিত হয় দৈনিক সমকাল। এর আগে ২০০০ সালে তারই সম্পাদনায় প্রকাশিত হয় দৈনিক যুগান্তর।
২০০৪ সালে যুগান্তর সম্পাদকের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে ওই পত্রিকার বেশ কিছু সাংবাদিককে নিয়ে তিনি সমকাল প্রকাশের উদ্যোগ নেন। এরপর তিনি আবার যুগান্তরে ফিরে যান। এরপর যুগান্তর থেকেও অব্যাহতি নেন।
গত জানুয়ারিতে সমকালের সম্পাদক পদ থেকে আবেদ খান অব্যাহতি নিলে পত্রিকাটির উপ-সম্পাদক মোজাম্মেল হোসেন ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।
মোজাম্মেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, গোলাম সারওয়ার সমকালে ফেরার পর তিনি আবার আগের উপ-সম্পাদক পদেই দায়িত্ব পালন করছেন।
এদিকে বাংলাভিশনে যোগদানের প্রতিক্রিয়ায় আসাফ্উদ্দোলাহ্ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার অভিজ্ঞতা দিয়ে চ্যানেলটির বিভিন্ন প্রোগ্রাম ও সংবাদকে উপভোগ্য করার চেষ্টা করবো। সংস্কৃতির সুন্দর ধারাগুলোর প্রচার এবং রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকারও চেষ্টা চালাবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এইচএ/২০১৮ ঘ.
bdnews24