ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিব ও উপ-সচিব পর্যায়ের বেশ কিছু কর্মকর্তা পদে রদবদল এনেছে সরকার।
সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে সোমবার এসব রদবদল করা হয়।
সংস্থাপন মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোজাম্মেল হক খানকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ করা হয়েছে। সোমবার অবসর প্রস্তুতিমূলক ছুটিতে যাওয়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জামিল ওসমানের ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন তিনি।
এছাড়া সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব রাজিয়া বেগমকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদায়ন, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এরশাদ হোসেনকে প্রত্যাহার করে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত, ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার একেএম মর্তুজাকে সরকারি কর্মকমিশনের (পিএসসি) যুগ্ম-সচিব পদে নিয়োগ এবং পিএসসি'র যুগ্ম-সচিব মাসুদুর রহমানকে ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কমিশনার পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বিটিটিবি'র প্রাক্তন মহাব্যবস্থাপক মল্লিক সুধীর চন্দ্র। তার এ নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। তিনি বিটিআরসি'র পদত্যাগী কমিশনার এসএম মুনীর আহমেদের স্থলাভিষিক্ত হবেন।
এদিকে, সদ্য পদোন্নতিপ্রাপ্ত এবং ওএসডি যুগ্ম-সচিব মিখাইল শিপারকে প্রধামন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক নিয়োগ করা হয়েছে।
উপ-সচিবদের মধ্যে রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রকল্পের প্রকল্প পরিচালক স্মৃতি রাণী ঘরামীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, জামালপুরের প্রাক্তন জেলা প্রশাসক আব্দুল মাবুদকে রেগুলেটরি রিফর্মস কমিশনের কার্যক্রমে সহায়তা দিতে বিনিয়োগ বোর্ডে সংযুক্ত, সংস্থাপন মন্ত্রণালয়ের ন্যস্ত উপ-সচিব মনির হোসেনকে সংস্থাপন মন্ত্রণালয়, চাঁদপুরের প্রাক্তন জেলা প্রশাসক একেএম শহিদুর রহমানকে অর্থ বিভাগ, মাগুরার প্রাক্তন জেলা প্রশাসক ভিকারুন নেছাকে কৃষি মন্ত্রণালয়, বান্দরবানের প্রাক্তন জেলা প্রশাসক মওদুদ একে কাইউম চৌধুরীকে প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব শেখ আব্দুর রউফকে পরিকল্পনা বিভাগ এবং মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব আনিছুর রহমানকে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপ-সচিব সাইফুদ্দিন আহমেদ মজুমদারকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের উপ-পরিচালক জাহাঙ্গীর আলমকে সংস্থাপন মন্ত্রণালয় এবং বেটার বিজনেস ফোরামে সংযুক্ত ওএসডি উপ-সচিব রোকসানা মালেককে কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/২০৩৪ঘ.
bdnews24