মৌলভীবাজার, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অপহরণের দুদিন পর মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শংকরসেনা গ্রামের স্কুল ছাত্র মিলন মিয়াকে (৯) শনিবার রাতে ফেনী থেকে উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তার করা হয়েছে অপহরণকারীসহ দুজনকে।
মুক্তিপণ আদায়ের জন্য শিশুটিকে বৃহস্পতিবার অপহরণ করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মৌলভীবাজারের রাজনগর উপজেলার দক্ষিণ খারপাড়া গ্রামের কুটি মিয়ার ছেলে মো. হোসেন মিয়া (২৩) ও ফেনী জেলা সদরের পূর্ব ছিলুনিয়ার মফিজুর রহমানের ছেলে ইউছুফ মিয়া (২৩)। হোসেন মিয়া সম্পর্কে ইউছুফের ভগ্নিপতি।
রোববার আদালতের মাধ্যমে এদের মৌলভীবাজার জেলহাজতে পাঠানো হয়েছে।
অপহরণকারী হোসেন ও অপহৃত মিলন সম্পর্কে আপন খালাতো ভাই। মিলন শংকরসেনা গ্রামের শাহাজান মিয়ারর ছেলে এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল মনোয়ার জানান, মুক্তিপণ আদায়ের জন্যই মিলনকে তার খালাতো হোসেন ভাই বাড়ির পাশের খেলার মাঠ থেকে অপহরণ করে ফেনী নিয়ে যায়। সেখানে তাকে হোসেনের দ্বিতীয় পক্ষের স্ত্রীর বাবার বাড়িতে নিয়ে রেখে মোবাইল ফোনে মিলনের মা ফুলেছা বেগমের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরদিন মিলনের মা ঘটনাটি শ্রীমঙ্গল থানা পুলিশকে জানান।
ওসি জানান, মোবাইল ফোনে কয়েকদফা যোগাযোগের পর ৭০ হাজার টাকায় মিলনকে মুক্তি দিতে হোসেন সম্মত হয়। হোসেনের কথামত মিলনের মা মুক্তিপণের টাকা নিয়ে ফেনীর মহিপাল বাসস্ট্যান্ডে যান। শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশও সাধারণ পোশাকে মহিপাল যায়। মহিপাল বাসস্ট্যান্ডে মিলনের মাকে নিতে এলে হোসেনকে গ্রেপ্তার করে তারা। পরে হোসেনের স্বীকারোক্তি অনুযায়ী তার শ্বশুরবাড়ি থেকে মিলনকে উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা জানান, এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় শনিবার রাতেই মিলনের মা একটি অপহরণ মামলা করেন। উদ্ধার হওয়া শিশু মিলনকে আদালতের মাধ্যমে প্রকৃত অভিভাবকের কাছে হস্তান্তরের জন্য আবেদন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৫ ঘ.
bdnews24