২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় বাংলা ভাইয়ের সহযোগী গ্রেপ্তার

ফাঁসি হওয়া নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) অন্যতম শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2009, 02:41 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

নওগাঁ, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফাঁসি হওয়া নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) অন্যতম শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। আব্দুল গাফফার (৪৫) নামে এ সহযোগীকে রোববার দুপুরে নঁওগা শহরের উকিলপাড়া সড়ক থেকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আব্দুল গাফফার রাণীনগর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের হাশেম উদ্দিন শেখের ছেলে। তিনি জেলার আত্রাই উপজেলার বাঁশবাড়িয়ায় জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশের (জেএমজেবি) ক্যাম্পের নির্যাতন সেলের তত্ত্বাবধায়ক ছিলেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সিআইডির পরিদর্শক শহিদুল ইসলাম। তিনি জানান, গাফফারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাঁশবাড়িয়া ক্যাম্পে খেজুর হত্যার সঙ্গে তিনি জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। কথিত সর্বহারা বিরোধী অভিযানের সময় জাগ্রত মুসলিম জনতার রায়নগর উপজেলার ভেটি ক্যাম্পে খেজুরকে হত্যার পর চার টুকরা করে লাশ মাটিতে পুঁতে রাখা হয়। রায়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, খেজুর হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ১২২ জনের একটি তালিকা করা হয়েছে। তবে এ তালিকায় গাফফার আছে কি না তা জানাতে পারেননি তিনি। গাফফারের বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই বলেও জানান তিনি। ২০০৭ সালে জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমান, সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইসহ ছয়জনকে ঝালকাঠিতে বিচারক হত্যা মামলায় ফাঁসি দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৩৭ ঘ.