২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লার প্রাইম টেক্সটাইল মিলে আগুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার নন্দলালপুরে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রাইম টেক্সটাইল মিলে রোববার এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছুই জানা সম্ভব হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2009, 08:20 AM

Updated : 26 Aug 2022, 11:23 AM

নারায়ণগঞ্জ, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার নন্দলালপুরে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রাইম টেক্সটাইল মিলে রোববার এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছুই জানা সম্ভব হয়নি। নারায়ণগঞ্জ দমকল বাহিনীর উপ-সহকারি পরিচালক মো. আহসানুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর ৫টার দিকে মিলের একতলায় আগুন লাগে। দ্রুত তা দ্বিতীয় তলায়ও ছড়িয়ে পড়ে। এ দুটি তলায় সুতা তৈরী হয়। ভোর সাড়ে ৫টার দিকে খবর পেয়ে দমকল বাহিনীর নারায়ণগঞ্জ ও পোস্তগোলার চারটি ইউনিট আগুন নেভাতে আসে। আহসানুল কবির জানান, প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৯টার দিকে আগুন নেভানো সম্ভব হয়। তিনি জানান, আগুন নেভাতে গিয়ে মিজানুর রহমান নামের একজন দমকলকর্মী আহত হন। ওই সময় তার শরীরে রাসায়নিক পদার্থ মিশ্রিত পানি পড়ে। তাকে নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বলেন, "কারখানার অটোমেটিক বেল ওপেনার মেশিন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। সুতা তৈরীর কাঁচামালের সঙ্গে অনেক সময় পাথর বা অন্য কোনো বস্তু থাকে। সুতা তৈরীর সময় এগুলো উত্তপ্ত হয়ে স্পার্ক করে আগুন লাগতে পারে।" প্রাইম টেক্সটাইল মিলের ম্যানেজার (প্রশাসন) মোস্তফা আব্দুল দাইয়ানও তুলার মধ্যে থাকা কোনো বস্তু থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন। তিনি আরো জানান, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এইচএ/১৪২১ ঘ.