২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর মেডিকেলে শিক্ষানবিস চিকিৎসকদের অনির্দিষ্টকালের ধর্মঘট

রোগীর আত্মীয় স্বজনদের হাতে চিকিৎসক লাঞ্ছিত হওয়ার জেল ধরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিস চিকিৎসকরা শনিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2009, 02:24 PM

Updated : 26 Aug 2022, 11:22 AM

ফরিদপুর, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোগীর আত্মীয় স্বজনদের হাতে চিকিৎসক লাঞ্ছিত হওয়ার জেল ধরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিস চিকিৎসকরা শনিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন। ডা. মশিউর রহমানের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, হাসপাতাল প্রাঙ্গণে পুলিশ ফাঁড়ি স্থাপন, ভর্তিকৃত রোগির অ্যাটেন্ডেন্টদের হাসপাতালে নিষিদ্ধ করা এবং হাসপাতালের দালাল চক্রের সদস্যদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন তারা। শুক্রবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় আহত গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার হাফিজুর রহমান (৩০) হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। জরুরি বিভাগের চিকিৎসক ডা. মশিউর রহমান তাকে অস্ত্রোপাচার কক্ষে (ওটি) পাঠিয়ে নামাজ পড়তে যান। তার ফিরে আসতে দেরি হওয়ায় রোগীর আত্মীয়-স্বজনরা ডা. মশিউর রহমান ও ওয়ার্ড বয় ওসমান মোল্লাকে মারধর করে। এরপর তারা রোগী ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক প্রহারের ঘটনা শুনে ১৫/২০ জন শিক্ষানবিস চিকিৎসক জেনারেল হাসপাতালে গিয়ে হাফিজুর রহমানের ভাই সাইদুর রহমান (৩২) ও তার বাবা মজিবর রহমান (৫০) ও আত্মীয় মেজবাহ উদ্দিনকে (৪০) মারধর করে। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উভয়পক্ষ ফরিদপুর কোতয়ালি থানায় পৃথক দু'টি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। ফরিদপুর মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. নিরঞ্জন ঢালী জানান, শনিবার দুপুর ১২টা থেকে ৪ দফা দাবিতে শিক্ষানবিস চিকিৎসকরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন। এ ঘটনার পর সিনিয়র চিকিৎসকদের নিয়ে তিনি ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানালে তারা তা প্রত্যাখান করেন। তিনি আরও বলেন, দুপুর ২টার দিকে জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ দাবি পূরণের আশ্বাস দিয়ে ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ করলেও তারা সিদ্ধান্তে অনড় রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০২৫ ঘ.