ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গৃহশ্রমিকদের অধিকার রক্ষায় সংসদে আইন প্রণয়নের দাবি জানিয়েছে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক। একই সঙ্গে সরকারের কাছে গৃহশ্রমিকদের জন্য অবিলম্বে মজুরি বোর্ড গঠন, আইনি সুরক্ষার ব্যবস্থা করাসহ আরো ৫ দফা দাবি জানিয়েছে তারা।
শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সমন্বয়কারী ডা. ওয়াজেদুল ইসলাম খান লিখিত বক্তব্যে এসব দাবি জানান।
এতে বলা হয়, দেশে বর্তমানে ২০ লাখের বেশি শ্রমিক গৃহকর্মে নিয়োজিত। তাদের মধ্যে ৮০ শতাংশ মহিলা ও শিশু। কিন্তু তাদের অধিকার রক্ষায় আজও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এ খাতকে আইনি সুরক্ষার আওতায় আনা হয়নি।
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস এর ২০০১-০৮ সালের সমীক্ষায় গৃহশ্রমিকদের ওপর ৬৪০টি অমানবিক নির্যাতনের ঘটনা ঘটেছে এবং এতে ৩০৫ জন নিহত হয়েছে বলেও ওই লিখিত বক্তব্যে বলা হয়েছে।
ওয়াজেদুল ইসলাম খান জানান, ভারতসহ কয়েকটি দেশের সরকার গৃহশ্রমিকদের নিয়ে কার্যক্রম শুরু করেছে। দক্ষিণ আফ্রিকায় এ নিয়ে আইন হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের রাজ্য আইনসভায় গৃহশ্রমিকের শ্রমমান নিয়ে বিল উত্থাপন হয়েছে।
সংগঠনের দাবিগুলোর মধ্যে গৃহশ্রমিকদের মৌলিক অধিকার রক্ষা, অমানবিক আচরণ বন্ধের লক্ষ্যে নিয়মিত কার্যকর পরিদর্শনের ব্যবস্থা, তাদের প্রয়োজনী শিক্ষা ও প্রশিক্ষণ এবং সরকারি সহায়তায় নির্যাতিত গৃহশ্রমিকদের মামলা পরিচালনার ব্যবস্থা করার বিষয়গুলো রয়েছে।
সংবাদ সম্মেলনে বিলস-এর মহাসচিব নজরুল ইসলাম খান বলেন, ''গৃহকর্মে নিয়োজিত শ্রমিকদের শ্রম আইনে অন্তর্ভুক্ত করতে হবে। তাদের জন্য আচরণবিধি নির্ধারণ করতে হবে।''
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনডব্লিউএলএ'র নির্বাহী পরিচালক সালমা আলী, শৈশব বাংলাদেশের নির্বাহী পরিচালক হোসনে আরা কাশেম, সুরভীর পরিচালক আবু তাহের, গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আবুল হোসেন ও ব্লাস্ট এর উপ পরিচালক ফরিদা ইয়াসমীন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/জিএনএ/১৩৪২ ঘ.
bdnews24