ফরিদপুর, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুরের নগরকান্দা উপজেলার ধুতুরাহাটি গ্রাম থেকে হত্যা মামলায় ৩২ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকালে ফিরোজ শেখকে (৫০) গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার রাতে সে বাড়ি আসে বলে জানায় পুলিশ।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, ধুতুরাহাটি গ্রামের আজহার শেখের ছেলে ফিরোজ শেখ একই গ্রামের লতিফ হত্যা মামলায় পলাতক থাকা অবস্থায় সাজাপ্রাপ্ত হয়।
২০০৪ সালের ৩১ জুলাই ফরিদপুর জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম এক রায়ে ফিরোজ শেখকে ৩২ বছরের কারাদণ্ড দেন।
জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪০ ঘ.
bdnews24