২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জ পৌরসভায় খাবার পানির তীব্র সংকট

গোপালগঞ্জ পৌর এলাকায় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পৌর কর্তৃপক্ষের সরবরাহ করা লবণাক্ত পানি পানের অযোগ্য। রান্নাবান্নার কাজেও ব্যবহার করা যাচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2009, 06:38 PM

Updated : 26 Aug 2022, 11:22 AM

গোপালগঞ্জ, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জ পৌর এলাকায় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পৌর কর্তৃপক্ষের সরবরাহ করা লবণাক্ত পানি পানের অযোগ্য। রান্নাবান্নার কাজেও ব্যবহার করা যাচ্ছে না। দু'লাখেরও অধিক জন-অধ্যুষিত গোপালগঞ্জ পৌরসভার অন্তত ২৫ হাজার পরিবার এ পানি সংকটে ভুগছে। খাবার পানি সংগ্রহ করতে শহরবাসী বিভিন্ন স্থানের গভীর নলকূপগুলোতে ছুটে যাচ্ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন বয়সের নারী-পুরুষ কলসি, ড্রাম, বালতিসহ বিভিন্ন পাত্র নিয়ে কয়েক কিলোমিটার দূরের টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করছে। এজন্য তাদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতেও হচ্ছে। শহরের নিচুপাড়া, উদয়ন রোড, মিয়াপাড়ায় কয়েকটি সেমি-ডিপ টিউবওয়েল রয়েছে। সেখান থেকে পানি সংগ্রহ করে শহরের অধিকাংশ মানুষ পান করছে। সামর্থ্যবানদের কেউ কেউ স্থানীয়ভাবে বোতলজাত পানি কিনে খাচ্ছে। মধুমতি নদী থেকে পানি তোলার পর তা পরিশোধিত করে সরবরাহ করা হয়। মার্চ মাসের মাঝামাঝিতে উজানের পানি প্রবাহ কমে যাওয়ায় মধুমতি নদীতে সামুদ্রিক জোয়ারে লবণ পানি ঢুকে পড়ে। পানি লবণমুক্ত করার কোনো ব্যবস্থা এখানে নেই। শহরে পুরান বাজার রোডের গৃহবধূ নমিতা সাহা, চায়না রায়, নার্গিস বেগম, হাওয়া বিবি জানান, গোপালগঞ্জে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পানের অযোগ্য লবনাক্ত পানি সরবরাহ করছে পৌর কর্তৃপক্ষ। সরবরাহ করা পানি খাবার ও রান্নাবান্নার কাজে ব্যবহার করা যাচ্ছে না। গত প্রায় একমাস ধরে এ পানি ব্যবহারের ফলে পেটের পীড়াসহ নানা রোগ দেখা দিয়েছে বলে জানান তারা। শহরের মিয়াপাড়ার গৃহবধূ কবিতা ভক্ত (৩৮), নিচুপাড়ার গৃহবধূ রেভা বিশ্বাস (৪৫) বলেন, পৌরসভার সরবরাহ করা পানিতে অতিরিক্ত লবণ। এ পানি মুখে দেওয়া যাচ্ছে না। বাধ্য হয়েই অনেক দূর থেকে এসে সেমি-ডিপ টিউবওয়েল থেকে পানি আনতে হচ্ছে। থিয়েটার রোডের বাসিন্দা নারদ কুমার পাল বলেন, "লবণাক্ত পানি পান করে পেটের পীড়াসহ পরিবারে পানি বাহিত রোগ দেখা দিয়েছে। বিশুদ্ধ পানি কিনে খাওয়ার অবস্থা আমার নেই। পরিবার পরিজনদের পেটের পিড়া চিকিৎসায় হিমসিম খাচ্ছি।" গোপালগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার ফরিদুল ইসলাম চৌধুরী বলেছেন, পানি পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। পৌর সরবরাহকৃত লবণ পানির বিয়য়ে জেলা স্বাস্থ্য বিভাগ গোপালগঞ্জ শহরে মাইকিং করছে। পানি ব্যবহারের ওপর জনসচেতনতা বৃদ্ধির চেষ্টা করছে জেলা স্বাস্থ্য বিভাগ। গোপালগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিধান চন্দ্র দে বলেন, মার্চ মাস থেকে গোপালগঞ্জে পানিতে লবণ সমস্যা দেখা দেয়। এটা চলে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত। এ অবস্থা নিরসনের জন্য শহরের বাইরে ৮টি উৎপাদক নলকূপ স্থাপনের প্রকল্প প্রস্তাব সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে সংকট মৌসুমে পৌরবাসীর জন্য সুপেয় পানি সরবরাহ করা সম্ভব হবে। গোপালগঞ্জ পৌরসভার মেয়র হাসমত আলী শিকদার চুন্নু বলেন, পৌর পানির যে প্ল্যান্ট রয়েছে তা দিয়ে পানির লবণ দূর করা সম্ভব নয়। বৃষ্টি না হওয়া পর্যন্ত এ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নেই। সংকটকালীন পৌরবাসীর দুর্ভোগ কাটাতে গভীর নলকূপ স্থাপন প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়েছে। পৌরসভা আন্তরিকভাবে চেষ্টা করে দ্রুত এ প্রকল্প বাস্তবায়ন করবে বলেও মেয়র জানান। স্থানীয় পিপাসা ড্রিংকিং ওয়াটার কোম্পানির মালিক মো. শামীম খান বলেন, গোপালগঞ্জে বিশুদ্ধ পানির চাহিদা এখন অনেক গুণ বেড়ে গেছে। প্রতিদিন যে পরিমাণ পানি আমাদের প্লান্টে উৎপাদিত হচ্ছে তা দিয়েও চাহিদা মেটানো যাচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৫ ঘ.