বাগেরহাট, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী গ্রামে বৃহস্পতিবার রাতে দুই ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে একদল ডাকাত।
আহতরা হলেন- কনেক শীল (৪৫) ও তার ছেলে মিঠুন শীল (১৫)। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধোপাখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক সদস্য দিলীপ কুমার চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ২টার দিকে নাপিত কনেক শীলের বাড়িতে চার পাঁচ জনের একটি সশস্ত্র ডাকাত দল হামলা চালায়।"
তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে কনেক ও তার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। পরে ডাকাতরা নগদ টাকাসহ বেশকিছু মাল নিয়ে যায়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম জানান, ঘটনাটি তারা শুনেছেন তবে এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/১৬২১ ঘ.
bdnews24