২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহ সীমান্তে বিএসএফ'র গুলিতে বাংলাদেশি নিহত, সাতক্ষীরায় লাশ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাটাঙ্গা সীমান্তে বৃহস্পতিবার সকালে ভারতীয় সীমান্ত নিরপত্তা বাহিনী-বিএসএফের গুলিতে আব্দুল খালেক (৩৫) নামে এক বালাদেশি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2009, 10:54 AM

Updated : 26 Aug 2022, 11:22 AM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাটাঙ্গা সীমান্তে বৃহস্পতিবার সকালে ভারতীয় সীমান্ত নিরপত্তা বাহিনী-বিএসএফের গুলিতে আব্দুল খালেক (৩৫) নামে এক বালাদেশি নিহত হয়েছেন। সাতক্ষীরার ভোমরার লক্ষ্মীদাড়ি সীমান্ত থেকে পুলিশ রবীন্দ্র মণ্ডল নামে (৪২) নামে এক বাংলাদেশির লাশ উদ্ধার করেছে। বিএসএফ জওয়ানদের নির্যাতনে রবীন্দ্র মারা গেছেন বলে তার স্ত্রী অভিযোগ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: ঝিনাইদহ: নিহত আব্দুল খারেক মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের আব্দুর রহিমের ছেলে। চুয়াডাঙ্গা ৩৫ রাইফেলস ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল সুলতান আহমেদ জানান, সকাল সাড়ে ৮টার দিকে খালেক ইছামতি নদী পার হয়ে সীমান্তের ৬০ নম্বর মেইন পিলারের ৪৫ নম্বর সাবপিলারের কাছে গেলে নদীয়া জেলার বর্ণবাড়ীয়া ক্যাম্পের বিএসএফ জওয়ানরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তিনি জানান, সীমান্তের জিরো লাইন থেকে দুশ' গজ অভ্যন্তরে ভারতের ভূ-খণ্ডে খালেকের লাশ পড়েছিল। পরে সে দেশের ধানতলা থানার পুলিশ এসে লাশ নিয়ে যায়। বিডিআরের পক্ষ থেকে ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। সাতক্ষীরা: নিহত রবীন্দ্র মণ্ডল আশাশুনি উপজেলার বলাবাড়িয়া গ্রামের শ্বশাবর মণ্ডলের ছেলে। নিহতের স্ত্রী কল্যাণী রাণী (৩৫) অভিযোগ করেন, বিএসএফ'র নির্যাতনে তার স্বামী মারা গেছেন। বিএসএফ জওয়ানরা তাকেও নির্যাতন করেছে। তিনি জানান, পাঁচ মাস আগে বিনা পাসপোর্টে চিকিৎসার জন্য তারা ভারতে গিয়েছিলেন। দীর্ঘদিন চিকিৎসা শেষে বুধবার মধ্যরাতে ভারতীয় এক দালালের মাধ্যমে দেশে ফেরার সময় ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের আটক করে। বিএসএফ জওয়ানরা রাতভর লাঠি ও রাইফেলের বাট দিয়ে তাদের মারধর করে সকালে ভোমরার লক্ষ্মীদাড়ি সীমান্তে ঠেলে দেয়। এর কিছুক্ষণ পর সীমান্তের ভেড়িবাঁধের উপরে রবীন্দ্র মণ্ডলের মৃত্যু হয়। খবর পেয়ে বিডিআর ভোমরা ক্যাম্পের জওয়ানরা ঘটনাস্থলে যান এবং বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। সদর থানার উপ-পরির্দশক আসাদুল ইসলাম দুপুরে ঘটনাস্থল থেকে নিহতের লাশ ও মারাত্মক আহত অবস্থায় কল্যাণী রাণীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্বে) উপ-পরিদর্শক ফিরোজ কবির জানান, লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রবীন্দ্র মণ্ডলের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। সাতক্ষীরা ৪১ রাইফেলস ব্যাটালিয়নের ভোমরা কোম্পানি কমান্ডার আব্দুল কুদ্দুস জানান, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিডিআর ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পে চিঠি পাঠিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫৯ ঘ.