ঢাকা এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। এই প্রতিষ্ঠানটি জনগণের সেবার জন্যে স্থাপন করা হলেও তা এক্ষেত্রে খুব একটা কাজে আসতে পারছে না।
মেয়র সাদেক হোসেন খোকার আমন্ত্রণে ঢাকা মহানগরীর বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতে গিয়ে এ অভিযোগ জানালেন রাজধানীর সাংসদরা।
বুধবার দুপুরে নগর ভবনে এই বৈঠকে সিটি কর্পোরেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সাংসদরা সিটি কর্পোরেশনের কাজের দীর্ঘসূত্রতা ও হয়রানির উল্লেখ করে বলেন, এতে জনগণের কাছে আমাদের জবাবদিহি করতে হয়। সাংসদ হিসাবে তারা আমাদের কাছেই তাদের নানা সমস্যার কথা বলেন। কিন্তু সেসব সমস্যা সিটি কর্পোরেশনকে জানিয়েও কোন সুফল পাওয়া যায়না।
সাংসদরা অভিযোগ করেন, একটি সিন্ডিকেটের মাধ্যমে সিটি কর্পোরেশনের সব কাজ করানো হয়। তারা বলেন, এ সিণ্ডিকেট কর্পোরেশনের কর্মকর্তাদের যোগসাজসে নিুমানের মালমসলা দিয়ে রাস্তা বানায়, কাজ না করেই বিল তুলে নেয়।
এই সিন্ডিকেট ভাংতে হবে বলে তারা মত দেন।
মশা ও পানি সঙ্কটকে নগরীর সবচেয়ে বড় সমস্যা বলে চিহ্নিত করে মশা মারায় সিটি কর্পোরেশন ব্যর্থ হয়েছে বলে দাবি করেন সাংসদরা। অপরিকল্পিত খোড়াখুড়িজনিত জলাবদ্ধতা ও যানজট এড়াতে সমন্বয়ের মাধ্যমে রাস্তা খোড়ার পরামর্শ দেন তারা।
এছাড়া অনেক রাস্তায় বাতি না থাকা, যত্রতত্র ডাস্টবিন বসানোর কারণে দুর্গন্ধ ছড়ানো, ফুটপাত দখল হয়ে যাওয়া ও পার্কগুলোর অব্যবস্থাপনাসহ বেশকিছু অভিযোগ তুলে ধরেন সাংসদরা। তারা বলেন, জনগণ ট্যাক্স দেয় কিন্তু সেই ট্যাক্সের সুবিধা পায়না।
সিটি কর্পোরেশন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে মন্তব্য করে সাংসদ রাশেদ খান মেনন বলেন, "এটা দূর করতে আমাদের কি কি করতে হবে, তাই বলুন। কিন্তু দুর্নীতি দূর করার পদক্ষেপ নিন। দুদকের মাধ্যমে এই দুর্নীতি দূর করা যাবে না। এ জন্যে একটি কার্যকর পরিকল্পনা করতে হবে।"
সাংসদ ফজলে নুর তাপস মেয়রকে উদ্দেশ করে বলেন, "সাত বছর ধরে দায়িত্ব পালন করে এলেও এখনো আপনি নগরের সমস্যা দূরীকরণে কোন মাস্টারপ্ল্যান দিতে পারেননি। ফলে নগরের সমস্যা যেমন ছিল, তেমনি রয়ে গেছে।"
নির্দিষ্ট সময়সীমাসহ একটি মাস্টার প্ল্যান প্রয়োজন বলে মত দেন তিনি।
সাংসদরা এরকম আলোচনার আয়োজন করায় মেয়রকে ধন্যবাদ জানিয়ে প্রতি দুই বা তিনমাস অন্তর এরকম সভার অনুরোধ জানান। এছাড়া সিটি কর্পোরেশনের সীমাবদ্ধতা ও আর্থিক সমস্যা নিয়ে যথাযথ কর্তৃপক্ষকে জানানোর বিষয়ে আশ্বাস দেন তারা।
মেয়র সাদেক হোসেন খোকা তার সমাপনী বক্তব্যে বলেন, স্বল্পবাজেটে অনেক প্রতিক ূলতা ডিঙিয়ে কর্পোরেশন কাজ করছে। বাজেট বাড়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যে তিনি সাংসদ ও মন্ত্রীদের অনুরোধ জানান।
বিভিন্ন দপ্তর ও বিভাগের মধ্যে সমন্বয়ের জন্যে তিনি মন্ত্রীদের অনুরোধ করেন।
দুর্নীতি প্রসঙ্গে মেয়র বলেন, "দেশে অন্যান্য প্রতিষ্ঠানে যেরকম দুর্নীতি আছে, এখানেও ততটাই দুর্নীতি রয়েছে। সবগুলো দপ্তরের দুর্নীতিই দুর করা দরকার।"
তিনি দুর্নীতি দুর করার জন্যে পরামর্শ চান।
বৈঠকে এছাড়াও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আইন ও বিচার প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংসদ মিজানুর রহমান দিপু, হাবিবুর রহমান মোল্লা, আসাদুজ্জামান কামাল, ইলিয়াস মোল্লা, আসলামুল হক, শাহিদা তারেক দিপ্তী, জাহানারা বেগম ও আশরাফুন্নেসা মোশাররফ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২৩১৮ঘ.
bdnews24