২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ডায়রিয়া রোগীদের মধ্যে কলেরার উপসর্গ

কলেরা ও ইকোলাই ডায়রিয়ার উপসর্গ নিয়ে রাজধানীর হাসপাতালগুলোতে রোগীরা ভর্তি হচ্ছে। এর মধ্যে কিছু রোগী তীব্র পানি শূন্যতায় ভুগছে। ঘন ঘন বমি করছে তারা। বিশেষজ্ঞরা বলছেন, রোগীরা যেসব উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে তার সঙ্গে কলেরা ও ইকোলাই ডায়রিয়ার মিল রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2009, 03:46 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

মারুফ মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলেরা ও ইকোলাই ডায়রিয়ার উপসর্গ নিয়ে রাজধানীর হাসপাতালগুলোতে রোগীরা ভর্তি হচ্ছে। এর মধ্যে কিছু রোগী তীব্র পানি শূন্যতায় ভুগছে। ঘন ঘন বমি করছে তারা। বিশেষজ্ঞরা বলছেন, রোগীরা যেসব উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে তার সঙ্গে কলেরা ও ইকোলাই ডায়রিয়ার মিল রয়েছে। কলেরার লক্ষণ হলো খুব্র দ্রুত রোগীর শরীরে পানি শূন্যতা দেখা দেয়। বমির পাশাপাশি রোগী পানির মতো পাতলা মলত্যাগ করে। নাম না প্রকাশের শর্তে রাজধানীর আন্তর্জাতিক উদয়রাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআর'বি) কলেরা হাসপাতালের একজন চিকিৎসক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ হাসপাতালে ভর্তি হওয়া প্রতি ৫০ জন রোগীর মধ্য থেকে একজনের মল পরীক্ষা করা হয়। এ হিসাবে এখানে ভর্তি হওয়া ২০ শতাংশ রোগীর মলে এ কলেরার জীবানু পাওয়া গেছে। কলেরা হাসপাতালের শর্ট স্টে ইউনিটের প্রধান ডা. আজহারুল ইসলাম খান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বমি, তীব্র পানি শূণ্যতা নিয়ে রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। তাদের মধ্যে ৪৫ থেকে ৫৫ বছর বয়সী রোগীই বেশি। লঙ্গার স্টে ইউনিটের প্রধান ড. শাহদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৭০ ভাগ রোগীই তীব্র পানি শূন্যতা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। তিনি বলেন, এমনিতেই এ সময়টাতে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে যায়। তবে এ বছর গত বছরের তুলনায় বেশি রোগী আসছে। মূলত গরম ও দূষিত পানি পান করার কারণে তারা আক্রান্ত হচ্ছে। রোগী বেড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, রাজধানীতে জনসংখ্যা বেড়েছে। চিকিৎসকরা নগরবাসীকে পচা, বাসি খাবার না খাওয়া, গরমে তৃষ্ণার্ত হয়ে রাস্তার পাশের শরবত পান না করার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে গরমে ঘাম থেকে সৃষ্ট পানিশূন্যতা রোধের জন্য ঘন ঘন বিশুদ্ধ পানি পানের পরামর্শ দিয়েছেন। কলেরা হাসপাতালে বুধবার বিকাল ৬টা পযন্ত ৬০০ রোগীকে ভর্তি করা হয়। এর আগে মঙ্গলবার ৮২৭ এবং সোমবার ৮৫৫ জনকে চিকিৎসা দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এইচএ/২১৪৫ঘ.