কক্সবাজার, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্তের জিরো পয়েন্টের ৮০ গজের মধ্যে বাঁধ নির্মাণের কাজ মিয়ানমার আড়াই দিনের মাথায় বন্ধ করেছে বলে বিডিআর কর্মকর্তারা দাবি করেছেন।
তবে ঘটনাস্থল পালংখালীর ইউপি চেয়ারম্যান মাজহারুল আনোয়ার চৌধুরী সিফাত বলেছেন, দুপুরে সামান্য বিরতি দিলেও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (নাসাকা) পুরোদমে বাঁধ নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে।
তারা ইতিমধ্যে তিনশ' গজ বাঁধ নির্মাণের কাজ শেষ করেছে বলে চেয়ারম্যান জানান।
এর আগে সোমবার সকাল থেকে উখিয়ার পালংখালী বিওপির কাছে রহমতের বিল বরাবর সীমান্তের আশি গজের মধ্যে মাটির বাঁধ নির্মাণের কাজ শুরু করে নাসাকা। মিয়ানমার সেনাবাহিনীর প্রকৌশল শাখা এবং স্থানীয় রাখাইন যুবকরা এ কাজে নাসাকাকে সহায়তা করছে বলে সীমান্তের বাসিন্দারা জানান।
কক্সবাজার ১৭ রাইফেলস ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল শাখাওয়াত হোসেন বুধবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুরে আমি ওই সীমান্ত এলাকা পরিদর্শন করেছি। বেলা ১২টার পর থেকে সীমান্তের ওপারে মিয়ানমার বাঁধ নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে। নাসাকা একশ' গজ মতো এলাকায় মাটি ফেলেছে যদিও তা আমাদের জন্য তেমন কোন হুমকি নয়।"
তিনি আরো জানান, নাসাকার পক্ষ থেকে মঙ্গলবারের কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে সেক্টর কমান্ডার পর্যায়ে আলোচনার আমন্ত্রণ জানানো হয়। আগামী কয়েকদিনের মধ্যে এ আলোচনা হতে পারে। সময়সূচি এখনো ঠিক হয়নি।
এদিকে ১৭ রাইফেলস ব্যাটালিয়নের অভিযান কর্মকর্তা মেজর তানিম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিয়ানমার থেকে রোহিঙ্গা মুসলমানরা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বুধবার সকালে একটি নৌকায় বালুখালী পয়েন্ট থেকে ৫ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়। বিডিআর তাদের আটক করে সকাল সাড়ে ১০টার দিকে 'পুশব্যাক' করে।
ইতিমধ্যেই মিয়ানমারের সামরিক জান্তার কথিত দমন অভিযানের হাত থেকে বাঁচতে বেশ কয়েক হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে কয়েক বছর ধরে আশ্রয় শিবিরে বাস করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এসকে/২১৪৬ঘ.
bdnews24