রাজশাহী, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহীতে 'যুদ্ধাপরাধের অভিযোগ'-এ গ্রেপ্তার আব্দুল জব্বার সরকারকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ আদালতের অনুমতি নিয়েছে।
রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ এর বিচারক মোহাম্মদ আসাফ-উদ-দৌলার আদালতে জব্বারকে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্ত কর্মকর্তা শফিকুর রহমান বুধবার পাঁচ দিন সময় চান।
আদালত তিনদিন সময় দেয়।
মুক্তিযুদ্ধের সময় দূর্গাপুর উপজেলার হোজা অনন্তকান্দি গ্রামের মরহুম বাহার উদ্দিনের ছেলে আলিমুদ্দিন তার বাবাকে হত্যার অভিযোগে ১২ এপ্রিল বাদী হয়ে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
আদালত মামলাটি আমলে নিয়ে দূর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ঘটনাটি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
২১ এপ্রিল থানায় মামলা রেকর্ডের পর সেদিন বিকেলেই পুলিশ জব্বারকে উজানখলশি গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
এদিকে আদালত চত্ত্বরে উপস্থিত কথিত যুদ্ধাপরাধীর মামা আব্দুস সালাম সরকার ও ভগ্নীপতি জহুরুল ইসলাম দাবি করেন, আব্দুল জব্বার উপজেলার কিসমতগণকৌড় ইউনিয়ন শাখা বিএনপির সহ-সভাপতি।
মাধ্যমিক পরীক্ষার সনদপত্র দেখিয়ে তারা দাবি করেন, ১৯৭১ সালে আব্দুল জব্বারের বয়স ছিল মাত্র ১২। রাজনৈতিকভাবে হয়রানির জন্য মামলায় তাকে জড়ানো হয়েছে বলে তারা অভিযোগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/১৯৫৬ ঘ.
bdnews24