ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধীদের মধ্যে প্রথম পর্যায়ে বিচার করা হবে শুধু হত্যা-খুন, লুটপাট, ধর্ষণকারী তথা মূল পরিকল্পনাকারীদের।
এদের সংখ্যা ২০ থেকে ৫০'র মধ্যে থাকা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।
বুধবার সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।
তাজুল ইসলাম বলেন, রাজাকার ও যুদ্ধাপরাধীদের তালিকা সরকারের কাছে রয়েছে। পর্যায়ক্রমে সব যুদ্ধাপরাধীরই বিচার করা হবে।
যুদ্ধাপরাধীদের বিচার শুরুর ক্ষেত্রে তদন্ত সংস্থা নিয়োগ ও ট্রাইব্যুনাল গঠনে বিলম্বের কারণে এ প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে কিনা, এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী তাজুল ইসলাম বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারের কাজটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। কারণ এতে দেশের রাজনৈতিক মেরুকরণ বদলে যাবে, নতুন মেরুকরণ সৃষ্টি হবে।"
মন্ত্রী আরো বলেন, "তদন্ত সংস্থা নিয়োগে দক্ষতা ও অভিজ্ঞতার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই বিলম্বিত হচ্ছে, এটা বলা যাবে না। বরং প্রস্তুতির দিক থেকে সব ঠিক করা হচ্ছে। সময়মতোই সবকিছু করা হবে।"
যাদের ভূমিকা 'সবচেয়ে বেশি খারাপ' ছিল, তাদের বিচারের বিষয়টিকেই অগ্রাধিকার দেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, পরে অভিজ্ঞতার আলোকে পর্যায়ক্রমে সবাইকে বিচারের সামনে আনা হবে।
আলোচনায় নেই এমন অনেকের নামও বিচারে আসতে পারে বলে তাজুল ইসলাম জানান। সরকারের কাছে থাকা রাজাকার ও যুদ্ধাপরাধীদের তালিকায় কতজনের নাম তা বলতে এসময় রাজি হননি তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৯৩১ঘ.
bdnews24