ভোলা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলা-চরফ্যাশন রুটে ঝুঁকিপূর্ণ ৬০ কিলোমিটার সড়ক মেরামতের দাবিতে ভোলা বাস মালিক সমিতি বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু করেছে।
সকাল থেকে কোনো সড়কে বাস, মিনি বাস, ট্রাকসহ চার চাকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে সারাদেশের সঙ্গে ভোলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে।
এ ছাড়া সড়কটি মেরামতের দাবিতে শ্রমিকরা সকাল থেকে ভোলা সড়ক ভবনের সামনে বাস রেখে অবরোধ, সমাবেশ ও মিছিল করে।
এ সময় তারা ভবনের গেটের ভিতরে ঢুকতে চাইলে পুলিশের বাধায় তা সম্ভব হয়নি। উত্তেজিত শ্রমিকদের ওপর পুলিশ লাঠিচার্জ করলে হাবিব, আল-অমিন ও ইয়াছিন নামের তিন শ্রমিক আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে ম্যজিস্ট্রেটের নেতৃত্বে এক প্লাটুন পুলিশ নিয়োজিত রয়েছে।
ভোলা বাস মালিক সমিতির সেক্রেটারি আমিনুল ইসলাম খান বলেন, ভোলা-চরফ্যাশন সড়কটি গত তিন বছর যাবত যানবাহন চলাচলের অনুপোযোগী অবস্থায় পড়ে আছে। কর্তৃপক্ষের কাছে বহু দেনদরবারের পরও এই সড়কের ঝুঁকিপূর্ণ অংশ মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। এই রুটে বাস, ট্রাক চালাতে মেরামত বাবদ হাজার হাজার টাকা অতিরিক্ত খরচ হয়।
গত তিন মাসে এ সড়কে দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে এবং কয়েক শত ব্যক্তি পঙ্গু হয়েছে।
তাই বাধ্য হয়ে যানবাহন চলচল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যাত্রীদের অসুবিধার জন্য সমিতির পক্ষ থেকে তিনি দুঃখ প্রকাশ করেন।
ভোলার সকল রুটে বাস চলচল বন্ধ থাকায় শত শত যাত্রী সীমাহীন দুর্ভোগে পড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৪ ঘ.
bdnews24