কক্সবাজার, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা ইউনিয়নের ডানহাতিরছড়া পাহাড়ে মঙ্গলবার সকালে কাঠ সংগ্রহ করতে গিয়ে হাতির আক্রমণে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।
এরা হল- ইউনিয়নের বড় লেচুয়াপ্রাং এলাকার ফজল আহমদ (৩৫), লায়লা বেগম (৮) ও তার বোন কোহিনুর আক্তার (৭)। এদের মধ্যে ঘটনাস্থলে দু'জন এবং হাসপাতালে নেওয়ার পথে একজন প্রাণ হারায়।
টেকনাফ উপজেলা ভাইস চেয়ারম্যান ইউনুছ বাঙ্গালী জানান, নিহতরা হতদরিদ্র এবং কাঠ বিক্রি করে জীবিকা চালাতো। প্রতিদিনের মতো তারা সকাল ৭টার দিকে ওই পাহাড়ে কাঠ সংগ্রহ করতে গেলে একদল বন্য হাতির কবলে পড়ে। হাতির দল শুঁড় দিয়ে তাদের পাকড়াও করে পায়ে চাপা দিলে ঘটনাস্থলেই ফজল ও লায়লা মারা যায়।
আহত অবস্থায় এলাকাবাসী লায়লার বোন কোহিনুরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
তিনি জানান, উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে ময়না তদন্ত ছ্ড়াাই তিনজনের লাশ দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫০ ঘ.
bdnews24