২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেকৃবির এক ছাত্র আজীবন ও সাতজন সাময়িক বহিষ্কার

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সোমবারের অপ্রীতিকর ঘটনায় এক ছাত্রকে আজীবন ও সাতজনকে এক সেমিস্টারের জন্যে বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2009, 03:27 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

ঢাকা এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সোমবারের অপ্রীতিকর ঘটনায় এক ছাত্রকে আজীবন ও সাতজনকে এক সেমিস্টারের জন্যে বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংঘর্ষের মূল সূচনাকারী হিসেবে অভিযুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশের নেতা মোঃ আলিউল আলম টুয়েলকে আজীবন বহিষ্কার করা হয়েছে। সে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। এছাড়া উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের ছাত্র আনোয়ার হোসেন অভি ,কৃষি অনুষদের এ এন এম আহমাদুল বাসার, মাস্টার্স প্রথম সেমিস্টারের ফরিদুজ্জামান শাওন ,আবু হেনা মোস্তফা কামাল ,ইলিয়াসুর রহমান, অরুণ চন্দ্র রায় এবং রেজানুর রহমানকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সেকেন্দার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একাডেমিক কাউন্সিলের বৈঠকে একজনকে চিরস্থায়ী ও সাতজনকে এক সেমিস্টারের জন্যে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া আরো যারা জড়িত ছিল, তাদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। সেরকম কাউকে পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও শাস্তিমুলক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ভাংচুরের বিষয়ে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" মঙ্গলবার রাতে এ রিপোর্ট লেখার সময় সিন্ডিকেটের বৈঠক চলছিল। এ প্রসঙ্গে প্রক্টর বলেন, "সিন্ডিকেটের বৈঠকের ফলাফল বিষয়ে আমি কিছু বলতে পারছি না। তবে যতদুর শুনেছি, তারা একামেডিক কাউন্সিলের সিদ্ধান্তকে অনুমোদন দিয়েছেন।" সোমবার বিপক্ষ ছাত্র সংগঠনের কয়েকজন কর্মীর পরীক্ষা নেওয়া বন্ধে রাজি না হওয়ায় শিক্ষকের গাড়ি ও ল্যাবরেটরিতে ভাংচুর চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রক্টর সেদিন বলেন, নিজেরাই দীর্ঘদিন ছাত্র থেকে যাওয়ার পরিকল্পনা করে পরীক্ষা বানচালের জন্য তারা ওই ঘটনা ঘটায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২১২৯ঘ.