২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইহাজারে বিদ্যুতের দাবিতে শ্রমিকদের হামলা-ভাঙচুর, আহত ২৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুতের দাবিতে কয়েক হাজার শ্রমিক মঙ্গলবার সকালে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়, উপকেন্দ্র ও পুলিশ বক্সে হামলা চালায়। এ সময় তারা ব্যাপক ভাঙচুর করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2009, 02:24 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

নারায়ণগঞ্জ, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুতের দাবিতে কয়েক হাজার শ্রমিক মঙ্গলবার সকালে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়, উপকেন্দ্র ও পুলিশ বক্সে হামলা চালায়। এ সময় তারা ব্যাপক ভাঙচুর করে। শ্রমিকদের হামলায় পুলিশ ও আনসার সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। শ্রমিকরা সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-গোপালদী সড়ক অবরোধ করে রাখে। তারা সড়কের তিন কিলোমিটার জুড়ে বিভিন্ন স্থানে খড়কুটা দিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে বলে বিডিনিউজ টোয়েন্টিফের ডটকমকে জানিয়েছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম। তিনি জানান, দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ থেকে অতিরিক্ত ঘটনাস্থলে আসে। পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি জানান। তিনি জানান, সকাল ৬টার দিকে চার থেকে পাঁচ হাজার শ্রমিক ঢাকা-গোপালদী সড়কের রামচন্দ্রাদী এলাকায় অবস্থান নেয়। তারা সারারদিয়া ১০ মেগাওয়াট বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা চালায় ও ব্যাপক ভাংচুর করে। এক পর্যায়ে তারা চড়াও হয় পল্লী বিদ্যুৎ সমিতির রামচন্দ্রাদী আঞ্চলিক কার্যালয়ে। এ সময় বিক্ষুদ্ধ শ্রমিকরা পল্লী বিদ্যুতের সহকারী প্রকৌশলী আলমগীর (৪০), লাইনম্যান মেহার আলী (৩৫), কর্মচারী সুমন (৩২), আনোয়ার আলীকে (৩০) মারধর করে। শ্রমিকদের তাণ্ডবে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ভয়ে পালিয়ে যান। এর পর শ্রমিকরা জালাকান্দি পুলিশ বক্সে হামলা চালায় ও ব্যাপক ভাঙচুর করে। কর্মস্থলে যাওয়ার পথে শ্রমিকরা স্কুল শিক্ষক সালাউদ্দিনকে (৩৫) মারধর করে এবং তার মোটরসাইকেল চূর্ণ-বিচূর্ণ করে দেয়। শ্রমিকরা ঢাকা-গোপালদী সড়কের রামচন্দ্রাদী থেকে বগাদি কালির হাট পর্যন্ত তিন কিলোমিটার এলাকা জুড়ে খড়কুটা জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় যান চলাচল বন্ধ থাকে। শ্রমিকদের শান্ত করতে গিয়ে অনেকে প্রহৃত ও লাঞ্ছিত হয়। তাদের ইটের আঘাতে যুবলীগের কেন্দ্রীয় নেতা মোজাম্মেল হক জুয়েলের (৪২) মাথা ফেটে যায়। এছাড়া শ্রমিকদের হামলায় আহত পুলিশ কনস্টেবল সারোয়ার (২৭), আনসার সদস্য বারেক (৪০), ইউপি সদস্য স্বপন মিয়া (৪০), জাকির মোল্লা (৫০), আবুল হাশেম (৫৬), সোলায়মান (১৭), কাদির (২৯), বিল্লাল (২১), এমরান (৩৫), সাজু মিয়া (৪২) ও হাজী মান্নানকে (৫০) স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও সংখ্যায় কম থাকায় শ্রমিকদের ধাওয়ার মুখে তারা পিছু হটেন। তিনি বলেন, আড়াইহাজার উপজেলায় অন্তত আড়াইহাজার পাওয়ার লুম কারখানা রয়েছে। এসব কারখানায় দেড় লাখের মত শ্রমিক কাজ করে। কারখানার মালিক, ও শ্রমিকদের অভিযোগ প্রতিদিন তিন-চার ঘণ্টাও বিদ্যুৎ পায় না তারা। এতে অনেকেই বেকার হয়ে পড়েছেন। মালিক ও শ্রমিকদের দাবি ২০ ঘন্টা বিদ্যুৎ থাকতে হবে। নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি আড়াইহাজার জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক কায়সার তালুকদার বলেন, "আগামী এক সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে।" আগামী মাসে কোন সমস্যা থাকবে না বলে তারা মনে করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৭ ঘ.