ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যাপক হট্টগোলের মধ্যে দিয়ে সোমবার তাড়াহুড়া করে শেষ হয় প্রিমিয়ার ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম)।
সোমবার সকালে বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ওই বার্ষিক সভা শুরু হওয়ার মাত্র আড়াই ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়।
তবে সভায় হট্টগোল এর কথা অস্বীকার করেছেন ব্যাংকের চেয়ারম্যান সাবেক সাংসদ ডা. এইচ বিএম ইকবাল।
ব্যাংকের শেয়ার হোল্ডার ইদ্রিশ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্ধারিত সময়ের দেড় ঘন্টা বিলম্বে সাড়ে দশটায় শুরু হওয়ার কিছুক্ষণ পরেই এজিএম এ হৈচৈ শুরু হয়।
ইদ্রিশ তালুকদার বলেন, সাধারণ শেয়ার হোল্ডাররা বক্তৃতা দেওয়ার জন্য নাম পাঠালেও 'চেয়ারম্যানের লোক' হিসাবে চিহ্নিতদেরকে কথা বলার সুযোগ দেওয়ায় চেঁচামেচি শুরু হয়। বহিরাগতরা অনেককে কথা বলতে বাধা দেয় বলেও তিনি জানান।
আরেক শেয়ার হোল্ডার আবু মুসা সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শেয়ার হোল্ডারদের চেয়ে রাজনীতি করা লোকজনই এজিএম এ বেশি ছিল। শংকর নামে এক শেয়ার হোল্ডার মাইকে দাঁড়িয়ে ব্যাংকের কথিত অনিয়ম নিয়ে কথা বলতে শুরু করলে তাকে জোর করে নামিয়ে দেওয়া হয়। এসময় পুরো অনুষ্ঠান ঘিরে হুলুস্থুল বেঁধে যায়।
নাম প্রকাশ না করার শর্তে এক শেয়ার হোল্ডার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থেকে বাংলাদেশ ব্যাংক কর্তৃক বহিস্কৃত আব্দুল মজিদকে একই ব্যাংকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়ার বিষয়ে কয়েকজন কথা বলতে গেলে কৌশলে তাদের থামিয়ে দেওয়া হয়।
এ ব্যাপারে চেয়ারম্যান এইচবিএম ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সবাইকে বক্তৃতা দিতে দেওয়া হয় দাবি করে বলেন, "বক্তা অনেক হয়ে যাওয়ায় একটু হৈচৈ হয়েছে। শংকরকে বক্তৃতা দিতে না দেওয়ার বিষয়টি ঠিক নয়। তিনি বক্তৃতায় একটি ভুল তথ্য উপস্থাপন করছিলেন। তার এই তথ্যটি যাচাই-বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আব্দুল মজিদকে সরকারের নির্দেশে স্বতন্ত্র পরিচালক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে ব্যাংক কর্তৃপক্ষের করার কিছু নেই।"
বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম/এলএইচ/এসকে/২৩৫৫ঘ.
bdnews24