চাঁপাইনবাবগঞ্জ, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রেলপথ সংস্কার করে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজধানীসহ অন্যান্য রুটে আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে সোমবার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছে মহাজোট সরকারের অন্যতম শরিক দল জাসদ (ইনু) সমর্থক জাতীয় যুব জোট।
কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়েছে।
দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ ঈদগাহ ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের করে যুব জোট। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেল ষ্টেশনের প্লাটফর্মে মানববন্ধন করে।
পরে যুব জোটের নেতা-কর্মীরা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে।
ঘেরাও চলার সময় বক্তব্য রাখেন- জেলা জাসদের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, তাহের স্মৃতি সংসদের সভাপতি আবু বক্কর, জাসদ নেতা নিয়ামুল হক, মনিরুজ্জামান মনির, জেলা যুবজোটের আহবায়ক হাবিবুর রহমান, যুগ্ম আহবায়ক সেলিম রেজা প্রমুখ।
সমাবেশ শেষে পাঁচ দফা সংবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে দেওয়া হয়।
জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুলতান মো. আব্দুল হামিদ।
স্মারকলিপির পাঁচ দফা হল- অবিলম্বে রেলপথ সংস্কার করে চাঁপাইনবাবগঞ্জ থেকে আন্তঃনগর ট্রেন চালু, বহুজাতিক কোম্পানির দালালি বন্ধ করে দেশের রেল ব্যবস্থা রক্ষা, রেলের বেদখল ভূমি পুনরুদ্ধার, রেলের সম্পদের হিসাব প্রকাশ, সম্পদ চুরি বা বিনষ্টের জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমুলক শাস্তি এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বরাদ্দে রেলকে অগ্রাধিকার দেওয়ার দাবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৯ ঘ.
bdnews24