প্রদীপ চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আবদুর রশিদকে আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার বিকেলে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আবদুর রশিদকে তিন বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলো। এ সময় তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের প্রাপ্য বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা পাবেন।
হাইকোর্টের বিচারপতি হিসেবে আবদুর রশিদ গত ২৬ জানুয়ারি অবসর গ্রহণ করেন। তিনি ১৯৯৯ সালের ২৪ অক্টোবর বিচারপতি নিযুক্ত হয়েছিলেন।
বিচারপতি হিসেবে রশিদ হাইকোর্টের বিচারপতিদের মামলা, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের মামলা, সুপ্রিম জুডিশিয়াল কমিশন মামলাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলায় রায় দেন।
নিয়োগ পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আবদুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আশাকরি আইন কমিশনকে শক্তিশালী করে আইনী বিষয়ে সরকার বা সংসদকে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে কমিশন। গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় আইন কমিশন খুবই জরুরি। তাছাড়া আইন একটি চলমান বিষয়। পুরানো আইন সংস্কার এবং নতুন আইন তৈরিতে কমিশন সহায়তা করবে।"
তিনি আরও বলেন, "গবেষণার কাজই হচ্ছে কমিশনের মেরুদণ্ড। কিন্তু দীর্ঘদিন এ কাজটি হয়নি। এছাড়াও কমিশনের রুলস ও অর্গানোগ্রাম এখনো হয়নি। সরকারের সঙ্গে আলোচনার পর এসব বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।"
প্রায় দেড় বছর শুন্য থাকার পর আইন কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো। এর আগে শেষ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল। তিন বছর মেয়াদ শেষে তিনি কমিশন ছেড়ে যান ২০০৭ সালের ৫ ডিসেম্বর। বর্তমানে কমিশনের অন্য দুই সদস্যের পদসহ বেশ কিছু পদ শুন্য রয়েছে।
১৯৯৬ সালে গঠিত হয় আইন কমিশন। তৎকালীন আওয়ামী লীগ সরকার ওই বছরের সেপ্টেম্বরে আইন কমিশন আইন প্রণয়ন করে। কমিশন আইনে অবসরপ্রাপ্ত একজন প্রধান বিচারপতিকে চেয়ারম্যান ও হাইকোর্টের অবসরপ্রাপ্ত দু'জন বিচারপতিকে সদস্য নিয়োগের বিধান রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এটি/এসএম/এজে/এসকে/২৩২১ঘ.
bdnews24