২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে জেএমবি জঙ্গি সন্দেহে ৬ জন আটক

জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর সদস্য সন্দেহে জামালপুরে দুই মহিলাসহ ছয়জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার রাতে শহরের ফুলতলা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2009, 07:01 AM

Updated : 26 Aug 2022, 11:21 AM

জামালপুর, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর সদস্য সন্দেহে জামালপুরে দুই মহিলাসহ ছয়জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার রাতে শহরের ফুলতলা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাব-১২ জামালপুর ক্যাম্পের সহকারী পরিচালক লেফটেন্যান্ট নজরুল ইসলাম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেএমবি জঙ্গি সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে এবং তাদের সঙ্গে থাকা তিন শিশুকে থানা হেফাজতে রাখা হয়েছে। আটককৃতরা হচ্ছেন- টাঙ্গাইলের মধুপুরের দাসপাড়া এলাকার আ. রাজ্জাকের ছেলে আব্দুস সালাম (২৫), জামালপুরের সরিষাবাড়ির গোপিনাথপুর গ্রামের হামেশ আলীর ছেলে মিজানুর রহমান (২১), শেরপুরের নালিতাবাড়ির কৃষ্ণপুরের শাহজাহান সিরাজীর ছেলে জাকারিয়া (২৮), জাকারিয়ার স্ত্রী রাবেয়া (২৩), চট্টগ্রামের বাঁশখালীর সরলা গ্রামের এসএম মোস্তাফিজুর রহমানের ছেলে তারেক মোস্তফা মাসুম (২৯) এবং তার স্ত্রী সৈয়দা হালিমা ইয়াসমীন (২৩)। থানা হেফাজতে থাকা শিশুরা হচ্ছে- জাকারিয়া-রাবেয়া দম্পতির দুই সন্তান সোমাইয়া (৩) ও শাদ (দেড় বছর) এবং ভোলার চরফ্যাশনের করিম পাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ৮ বছরের ছেলে জোবায়ের। জোবায়ের আটক ইয়াসমিনের আত্মীয়। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটক ছয়জনকে সদর থানায় র‌্যাব ও পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমানের বাড়ি জামালপুর জেলায়। ২০০৫ সালে ঝালকাঠিতে দুইজন বিচারক হত্যার অভিযোগে ২০০৬ সালে সিলেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর ২০০৭ সালে কুমিল্লা কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে তাকে হত্যা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/জিএনএ/১২৫৭ ঘ.