ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রধান বিচারপতির এজলাসের দরজা জানালা ভাংচুরের মামলার বাদি কোর্ট কীপার মো. রফিকুল ইসলাম হাজির হচ্ছেন না বলে মামলাটির অভিযোগপত্র গ্রহণ করতে পারছেন না আদালত।
গত ৬ জানুয়ারি শাহবাগ থানার পুলিশ অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং আওসাফুর রহমানকে মামলাটিতে অভিযুক্ত করে রাষ্ট্র বিরোধিতার অভিযোগে এ অভিযোগপত্র দাখিল করে।
গত ২৩ ফেব্র"য়ারি এবং ১৩ এপ্রিল বাদীর উপস্থিতিতে এ অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য করা হয়। কিন্তু বাদি আদালতে হাজির না হওয়ায় আগামী ২৮ মে আবারো তারিখ ধার্য করা হয়েছে।
জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী এবং আওসাফুর রহমান মামলাটিতে জামিনে রয়েছেন বলে নথিপত্র অনুসন্ধানে জানা গেছে।
২০০৬ সালের ৩০ নভেম্বর প্রধান বিচারপতির এজলাস কক্ষে অপ্রীতিকর ঘটনা ঘটে। এ সময় সুপ্রিম কোর্টে ইয়াজউদ্দিন আহমেদের একই সঙ্গে রাষ্ট্রপতি এবং তত্ত্বাবধায়ক সরকার প্রধান থাকার বৈধতা নিয়ে দায়ের করা রিট আবেদনের শুনানি চলছিল।
সে সময়কার অ্যাটর্নি জেনারেল ওই রিটগুলোর ওপর প্রধান বিচারপতির স্থগিতাদেশ রয়েছে বলে আদালতকে অবহিত করেন।
এজাহারে বলা হয়, 'উত্তেজিত কতিপয় আইনজীবী' তখন প্রধান বিচারপতি সম্পর্কে কটুক্তি ও শ্লোগানসহ মিছিল করেন। এ সময় তারা প্রধান বিচারপতির এজলাস কক্ষের দরজা, জানালার কাচ ভাংচুর করেন এবং পতাকা ছিঁড়ে ফেলেন।
এ ঘটনায় শাহবাগ থানায় ড. কামাল হোসেন, ব্যারিস্টার আমির উল ইসলাম, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট খায়রুজ্জামান, অ্যাডভোকেট সুব্রত সাহা, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং অ্যাডভোকেট আওসাফুর রহমানের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়।
সুব্রত ও আওসাফুর ছাড়া অন্যদের অব্যাহতি দিয়ে একই সঙ্গে আদালতে চূড়ান্ত রিপোর্ট দেন তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক নাজমি উদ্দিন।
মামলার নথিপত্রে দেখা গেছে, বাদীকে আদালতে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠানো হলেও এখন পর্যন্ত সে নোটিশ জারি হয়ে ফেরত আসেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২২৩৯ঘ.
bdnews24