ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন প্রধানমন্ত্রী।"
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে গত ১৫ এপ্রিল জিল্লুর রহমান দেশে ফেরার পর এটিই ছিল তার সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ।
সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রধানমন্ত্রী সেখানে ছিলেন।
এসময় রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এহতেশাম উল হক, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মো: শফিউল আলম, রাষ্ট্রপতির প্রেস সচিব আব্দুল আউয়াল হাওলাদার উপস্থিত ছিলেন।
পাঁচদিনের এক সরকারি সফরে সোমবার মধ্যরাতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা শেখ হাসিনার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এফএফ/জিএনএ/১৩৫০ ঘ.
bdnews24