২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি'র রংপুর-দিনাজপুর অঞ্চলের কমান্ডার গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন (জেএমবি) এর বৃহত্তর রংপুর-দিনাজপুর অঞ্চলের কমান্ডার হোমিও চিকিৎসক ডা. মশিউর রহমানকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকাল নয়টার দিকে জলঢাকা থানা পুলিশ উপজেলার সাইফুন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এর আগে তার দোকান থেকে বিপুল জেহাদি বই উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2009, 02:46 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

নীলফামারী, এপ্রিল ১৯, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন (জেএমবি) এর বৃহত্তর রংপুর-দিনাজপুর অঞ্চলের কমান্ডার হোমিও চিকিৎসক ডা. মশিউর রহমানকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকাল নয়টার দিকে জলঢাকা থানা পুলিশ উপজেলার সাইফুন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এর আগে তার দোকান থেকে বিপুল জেহাদি বই উদ্ধার করা হয়। জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেনডেন্ট এসএম রশিদুল ইসলাম জানান, মশিউর রহমান বৃহত্তর রংপুর-দিনাজপুর অঞ্চলের শীর্ষ জঙ্গি নেতা। সে এ অঞ্চলে জেএমবির কার্যক্রম পরিচালনার দায়িত্বে রয়েছে। ২০০৮ সালের ৪ ডিসেম্বর জঙ্গি সংক্রান্ত সিডি ও প্রচারপত্র বিলির দায়িত্বও ছিল তার। তিনি জানান, চার ডিসেম্বর থেকে ৩১ মার্চ পর্যন্ত গ্রেপ্তার করা ১৫ জঙ্গির জবানবন্দির মাধ্যমে জানা গেছে, মশিউর রহমানই এ অঞ্চলে জেএমবির নেতৃত্বে রয়েছে। ওই ১৫ জঙ্গি বর্তমানে নীলফামারী জেলা কারাগারে আটক রয়েছে। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নরেন্দ্র নাথ সরকার জানান, মশিউর রহমানকে সোমবার নীলফামারীর প্রধান বিচারিক হাকিমের আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চাওয়া হবে। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে জঙ্গি সংশ্লিষ্ট অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/২০৪০ ঘ.