২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবু আলম শহীদ খানসহ তিনজনের পদোন্নতি

পদোন্নতি পেয়ে যুগ্ম-সচিব হলেন ১৯৯৬-২০০১ সালের আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) আবু আলম মোহাম্মদ শহীদ খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2009, 02:02 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদোন্নতি পেয়ে যুগ্ম-সচিব হলেন ১৯৯৬-২০০১ সালের আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) আবু আলম মোহাম্মদ শহীদ খান। রোববার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে শহীদ খান ও আরো দুই কর্মকর্তাকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। অন্য দু'জন হচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মিখাইল শিপার এবং শিক্ষা ক্যাডারের কর্মকর্তা বর্তমানে স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক এসএম মাহবুবুর রহমান। পদোন্নতির পর অন্য দু'জনকে তাদের পূর্বপদে বহাল রাখা হলেও শহীদ খানকে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) নিয়োগ করা হয়। পদোন্নতি পাওয়া তিন কর্মকর্তা প্রশাসন ক্যাডারের ১৯৮২ ব্যাচের কর্মকর্তা। তিনজনই দীর্ঘদিন ধরে পদোন্নতি ও পদায়ন বঞ্চিত ছিলেন। এর আগে গত মাসের শেষ দিকেই শহীদ খান ও মিখাইল শিপার সিনিয়র সহকারী সচিব থেকে পদোন্নতি পেয়ে উপ-সচিব হন। এ সময় তাদের 'ধারণাগত জেষ্ঠ্যতাও' দেওয়া হয়। ফলে যুগ্ম-সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে কোন বাধা ছিল না। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে পদোন্নতির বিষয়টি বিবেচনায় আনা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/