ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আসন্ন বাজেটে দেশীয় শিল্প রক্ষা ও জনগণের ক্রয় ক্ষমতা বাড়ানোর উপর বিশেষ জোর দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ গ্রে অ্যান্ড ফিনিশড ফেব্রিক্্র মিলস অ্যান্ড এক্্রপোর্টারর্স অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদল রোববার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, "দেশীয় শিল্প রক্ষা করে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানির বিষয়ে সরকার সব ধরণের সহযোগিতা দেবে।"
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে শনিবারের প্রাক-বাজেট বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, "বাজেটে দেশীয় শিল্প রক্ষা এবং মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানোর ওপর জোর দেওয়া হবে।"
বিদ্যুৎ সমস্যা সামাধানে তার সরকারে বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "ক্যাপটিভ জেনারেটরের লাইসেন্সের নবায়ন ফি কমানো যায় কিনা তা নিয়ে আমার সঙ্গে রেগুলেটরি কমিশনের আলোচনা হয়েছে।"
তিনি গ্রে অ্যান্ড ফিনিশড ফেব্রিক্্র মিলস অ্যান্ড এক্্রপোর্টারর্স অ্যাসোসিয়েশন প্রতিনিধি দলের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।
প্রধানমন্ত্রী তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বলেন, আপনারা দেশে কাপড়ের চাহিদা মিটিয়ে অর্থনীতিতে অবদান রাখছেন। কিন্তু এই খাতটি অবহেলিত। বিশ্বমন্দা মোকাবেলায় সরকার একটা প্যাকেজ দিচ্ছে। সেখান থেকে আপনাদের সুযোগ নিতে হবে।
আদমজী পাট কল বন্ধের কোনো পরিকল্পনা বিগত আওয়ামী লীগ সরকারের ছিলনা দাবি করে শেখ হাসিনা বলেন, "আমি শিল্প কারখানা বন্ধের বিপক্ষে। আমরা চেয়েছিলাম, ওই এলাকার খালি জায়গায় বেসরকারী উদ্যোগে পাট শিল্পের সঙ্গে সম্পৃক্ত কল-কারখানা গড়ে ওঠুক।"
নিত্যপণ্যের মূল্য কমিয়ে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের প্রথম অঙ্গীকার পূরণ হয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দাম কমালেই হবে না। জনগণের ক্রয়ক্ষমতাও বাড়াতে হবে।
দ্রব্যমূল্য কমানোর পাশাপাশি কৃষক যাতে তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় তাও নিশ্চিত করা হবে বলে জানান প্রধানমন্ত্রী ।
এ প্রসঙ্গে তিনি বলেন, অতীতে আওয়ামী লীগ সরকারের সময় কৃষকরা কখনোই ক্ষতিগ্রস্ত হয়নি।
এর আগে সকালে মহা হিসাব নিরীক্ষক (সিএজি) আহম্মেদ আতাউল হাকিম শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করে বার্ষিক প্রতিবেদন হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রী সরকারের হিসাব-নিকাশে স্বচ্ছতা নিশ্চিত করতে সংসদীয় স্থায়ী কমিটিগুলোকে আরো কার্যকর করার ওপর গুরুত্ব আরোপ করেন।
প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/১৯৩০ ঘ.
bdnews24