ফেনী, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামে শুক্রবার গভীর রাতে সন্ত্রাসীদের গুলিতে হাফেজ উল্যাহ নামে ওমান প্রবাসী এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রায় দু'মাস আগে তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন।
এ ঘটনার আগে সন্ত্রাসীরা আরও দুজনকে পিটিয়ে জখম করে।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, লাশের ময়না তদন্ত শেষে শনিবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি জনান, নিহত হাফেজের ভাই মিজান পাইকপাড়া গ্রামের আবুল হাশেমের ছেলে নজরুল ইসলাম (২৮), নুর মিয়ার ছেলে সবুজ (১৭), আবু আহম্মদের ছেলে লাতু (২৫) ও ফজলুল করিমের ছেলে মিন্টুসহ (২৮) অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।
আসামিদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে জানান ওসি।
পুলিশ কর্মকর্তা ও নিহতের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাত ৮টার দিকে বগাদানার দায়েম মুন্সী জামে মসজিদের ইমাম মাওলানা মো. ইলিয়াছ ও তাকিয়া বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন বাজার থেকে বাড়ি ফিরছিলেন।
পথে পাইকপাড়া গ্রামের আবুল হাশেমের ছেলে নজরুল ইসলাম (২৮) নুর মিয়ার ছেলে সবুজ (১৭) আবু আহম্মদের ছেলে লাতু (২৫) ও ফজলুল করিমের ছেলে মিন্টুসহ (২৮) একদল ছিনতাইকারী ইমাম ও দেলোয়ারের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোনসেট নিয়ে যায়।
তারা বিষয়টি গ্রামের লোকজনকে জানান। মাস দুয়েক আগে ছুটিতে বাড়িতে আসা ওমান প্রবাসী হাফেজ, তার ভাই মিজান ও প্রতিবেশী হারুন অভিযুক্ত ছিনতাইকারীদের বাড়ি গিয়ে এ ঘটনার প্রতিবাদ জানায়। এ সময় সন্ত্রাসীরা হারুন ও মিজানকে পিটিয়ে জখম করে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গভীর রাতে একদল সন্ত্রাসী হাফেজের ঘরে ঢুকে তাকে কাছ থেকে কয়েক রাউন্ড গুলি করে। আহত অবস্থায় তাকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান তিনি মারা গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩২ ঘ.
bdnews24