রংপুর, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুরের আটটি উপজেলায় শুক্রবার রাতে কালবৈশাখী ঝড়ে পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে সহস্রাধিক গাছপালা।
ঝড়ে ঘরচাপা পড়ে ১৫ জন আহত হয়েছে।
খুঁটি উপড়ে যাওয়ায় শনিবার দুপুর পর্যন্ত জেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।
রংপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা মোফাজ্জল হোসেন বলেন, "ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৮০ কিলোমিটার। পরে বৃষ্টি শুরু হলে ঝড়ের গতিবেগ কমে আসে।"
তিনি জানান, এ মৌসুমে এটাই সবচেয়ে শক্তিশালী ঝড়। বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৮ মিলিমিটার।
ক্ষতিগ্রস্ত উপজেলাগুলো হল- রংপুর সদর, মিঠাপুকুর, গঙ্গাচড়া, তারাগঞ্জ, বদরগঞ্জ, কাউনিয়া, পীরগাছা ও পীরগঞ্জ।
আহতদের মধ্যে তিনজনকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক ডা. মানিক জানিয়েছেন ।
রংপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জগজিশ রহমান জানান, ঝড়ে গাছপালাসহ কিছু ঘড়বাড়ি ক্ষতি হওয়ার খবর তিনি পেয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ পাওয়া গেলে ক্ষতিগ্রস্তদের সাহায্য দেওয়া হবে বলে তিনি জানান।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তা সামসুল আলম জানান, ঝড়ে শহরের অনেক স্থানে তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। রাত থেকেই মেরামত কাজ শুরু হয়েছে ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬১৫ ঘ.
bdnews24