দিনাজপুর, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জমি নিয়ে বিরোধের জের ধরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কচুয়া গ্রামে শনিবার সকালে আদিবাসীদের ছোড়া তীরে দুজন নিহত হয়েছেন।
এরা হলেন- আজিজুল হক (২৫) ও এমদাদুল হক (৪০)।
এ ঘটনায় পুলিশ পাঁচ আদিবাসীকে গ্রেপ্তার করেছে। এরা হলেন- রুডু সরেন, তার ছেলে রবিন সরেন, বোন চানু সরেন এবং একই এলাকার সুকলাল ও লক্ষ্মীরাম।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মওলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উজেলার কুশদহ ইউনিয়নের কচুয়া গ্রামের আজিজ ও এমদাদ সকাল ১০টার দিকে বিরোধপূর্ণ জমিতে কাজ করতে গেলে রুডু সরেনের নেতৃত্বে একদল আদিবাসী তাদের লক্ষ্য করে তীর ছোড়ে।
তীরবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আজিজ মারা যান। তীরবিদ্ধ এমদাদুল হককে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পথে মারা যান।
আাজিজ কচুয়া গ্রামের ইয়াকিন আলীর এবং এমদাদুল একই গ্রামের ইউনুস আলীর ছেলে।
ওসি জানান, ঘটনার পর এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হোসেন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৫৪ ঘ.
bdnews24