ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় বিজলীর আঘাতে শনিবার বেলা ১১টা পর্যন্ত কক্সবাজারে একজন নিহত এবং ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার রাতে ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার গতিবেগ ও ভারী বর্ষণসহ চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করার পর ঘূর্ণিঝড়টি শনিবার ভোররাতে স্থল নিম্নচাপে পরিণত হয়।
সকাল ৮টা থেকে চালু হয়েছে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর। স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় বিজলী ভোররাত তিনটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করে স্থল নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ-পূর্বাঞ্চলের দিকে এগুচ্ছে এবং আরো দুর্বল হয়ে বিকেল নাগাদ এর প্রভাব শেষ হয়ে যেতে পারে।
আবহাওয়াবিদ আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, নিম্নচাপটির প্রভাবে এখনো ঝড়ো হওয়া বইছে এবং চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলে সাগর উত্তাল রয়েছে।
চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৭ ও ৬ নম্বর সতর্ক সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বলেও জানান তিনি।
সকালে আবহাওয়া অফিসের এক বুলেটিনে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা সাইদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপকূলীয় এলাকার লোক সরানোসহ যথাযথ প্রস্তুতির কারণে হতাহতের সংখ্যা অনেক কম হয়েছে।
তিনি বলেন, "আমরা খুব বেশি হতাহতের খবর পাওয়ার আশংকা করছি না। তবে সম্পদ ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর আমরা পাচ্ছি। সময় বাড়ার সঙ্গে সঙ্গে আমরা আরো খবর পাবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রুহুল আমিন রানা জানান, ঘূর্ণিঝড় বিজলী উপকূল অতিক্রম করার পর শুক্রবার মধ্যরাত থেকে চট্টগ্রাম জেলার কোথাও বৃষ্টি হয়নি। তবে আকাশ আংশিক মেঘলা আছে।
বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষের একজন কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার সকাল ১১টা থেকে বন্ধ থাকার পর শনিবার সকাল ৮টা থেকে বিমান ওঠা-নামা শুরু হয়েছে।
জেলা প্রশাসক ফরিদ উদ্দিন চৌধুরী জানান, সকাল ১০টা পর্যন্ত জেলার উপকূলীয় উপজেলাগুলোর কোথাও থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বোরো ধানে অল্প কিছু ক্ষতি হয়েছে।
বন্দর সচিব সৈয়দ মুহাম্মদ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম বন্দরের কাজ-কর্ম স্বাভাবিক হতে শুরু করেছে। জেটি চালু হয়েছে।
কক্সবাজার প্রতিনিধি জানান, ঘূর্ণিঝড় বিজলী উপকূল অতিক্রমকালে কক্সবাজারে একজন নিহত ও এক শিশুসহ ৬ জন আহত হয়েছে। আহতদের ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘূর্ণিঝড়ে জেলার উপকূলীয় এলাকায় বোরো ফসল, পানের বরজ ও কাঁচা ঘর-বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে। তবে জেলা ও উপজেলা প্রশাসন সকাল ১১টা পর্যন্ত ক্ষয়ক্ষতির পুরো বিবরণ জানাতে পারেনি।
রাতে দমকা হাওয়া কমে যাওয়ার পর থেকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া লোকজন ঘরে ফিরতে শুরু করেন। সকাল হতেই আশ্রয়কেন্দ্র গুলো খালি হয়ে যায়।
পেকুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা এম এ এইচ হুমায়ুন কবির জানান, ঘূর্ণিঝড়ে বারবাকিয়া ইউনিয়নের পূর্ব জালিয়া পাড়া এলাকায় গাছ চাপা পড়ে আবদুল মোনাফের ছেলে আবদুর রহিম (৯) ঘটনাস্থলে মারা যায়। আহত হয় তার বোন জামিলা খাতুন (১২)।
জেলা নিয়ন্ত্রণ কক্ষ থেকে মোহাম্মদ আবদুল আজিজ নামের এক কর্মকর্তা জানিয়েছেন, একই সময়ে উপজেলার করিয়ারদিয়া এলাকায় টিন উড়ে আহত হয়েছে আরো ৩ জন।
জেলা প্রশাসকের কার্যালয়ে আশ্রয় নেওয়া পরিবারগুলোর মধ্যে শহরতলীর সমিতি পাড়ার মোহাম্মদ সেলিমের ৪০ দিন বয়সী এক শিশু কন্যা অসুস্থ হয়ে মারা গেছে।
জেলা প্রশাসক মনজুর আলম জানান, অসুস্থ শিশু নিয়েই আশ্রয়কেন্দ্রে এসেছিল ওই পরিবারটি। অসুস্থ শিশুটিকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছিল।
মহেশখালী থেকে একজন সংবাদকর্মী জানিয়েছেন, উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরা ঘোনা এলাকার আমির হোসেন (২২) ও সাখাওয়াত হোসেন (২০) নামের দুই জন ঘূর্ণিঝড়ে আহত হয়েছেন। তাদের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা তোফায়েল ইসলাম জানান, ঘূর্ণিঝড়ে টেকনাফে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তবে বোরো ফসলের ক্ষতি হওয়ার আশংকা করা হচ্ছে।
দ্বীপ উপজেলা কুতুবদিয়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ গুপ্ত জানান, উপজেলায় কিছু কাঁচা ঘরবাড়ির ক্ষতি হয়েছে এবং গাছের ঢাল পালা ভেঙ্গে গেছে। বিবরণ এখনো জানানো সম্ভব হচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/এজে/জিএনএ/১২২২ ঘ.
bdnews24